সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত মৌ-খামারি
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরিষার ফুল থেকে মধু সংগ্রহের জন্য মাঠে মাঠে মৌখামারি বসতে শুরু করেছেন। বিভিন্ন এলাকা থেকে মৌখামারিরা মৌবাক্স নিয়ে আসছেন। তবে এখনো মধু সংগ্রহ শুরু হয়নি। এ বছর কৃত্রিম উপায়ে মৌবাক্সে সিএফসি উল্লাপাড়ায় তৈরি হচ্ছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উল্লাপাড়ায় ১২৭টি মৌখামার বসানোর সম্ভাবনা রয়েছে। এ মৌসুমে ১ লাখ ৯৮ হাজার ৭৫০ কেজি মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের কাছে সরিষা এখন বছরের দ্বিতীয় প্রধান আবাদ।
উপজেলার প্রায় সব মাঠেই কমবেশি সরিষার চাষ হয়েছে। রোপা আমন ধান কাটার পর আরও জমিতে সরিষার আবাদ হবে। ইতোমধ্যে বড় পাঙ্গাসী, উধুনিয়া ও মোহনপুর ইউনিয়নের আগাম সরিষার ক্ষেতে ফুল ফুটতে শুরু করেছে।
বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলী মাঠে প্রায় দুই সপ্তাহ আগে সিয়াম মৌখামার বসেছে। ভাটবেড়া গ্রামের মো. সুমন প্রায় আট বছর ধরে মধু সংগ্রহের পেশায় যুক্ত। তিনি ওই মাঠে ২৫০টি মৌবাক্স বসিয়েছেন। একই মাঠে জুবায়েরের জিসান মৌখামারের ২শ’টি মৌবাক্স রয়েছে। এ খামারের মালিক মো. জাহিদুল ইসলাম আট দিন আগে মৌবাক্স বসিয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো পরিমাণ মধু পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।
এ ছাড়া পাঙ্গাসী, খাদুলী বাংলাপাড়া মোড়, উধুনিয়া সড়ক মোড়, দিঘলগ্রাম সড়ক মাঠ ও রাউলিয়া মাঠেও মৌখামার বসেছে। সামনের দিনগুলোতে আরও মৌখামারি আসবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন, বিভিন্ন এলাকার মৌখামারিরা সরিষার ফুল থেকে মধু সংগ্রহের জন্য উল্লাপাড়ায় আসছেন। তারা নিজেদের সুবিধামতো জায়গায় মৌবাক্স বসাচ্ছেন। উধুনিয়া, বড় পাঙ্গাসী, মোহনপুর ও বাংলা এলাকায় বেশি মৌখামার বসেছে। গত মৌসুমে উপজেলায় ১২৭টি মৌখামার বসেছিল।
এবার খামারি ও মধু সংগ্রহের পরিমাণ বাড়বে বলে আশা করছি। উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে খামারিদের সাথে যোগাযোগ রাখছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192817