ইসলাম মানুষকে সঠিক পথে পরিচালিত করে : জেলা পরিষদ প্রশাসক জাকির
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন, ইসলাম মানুষকে সঠিক পথে পরিচালিত করে। বর্তমান তারেক রহমানের সরকার সারা দেশের ইমাম-মোয়াজ্জিমদের ভাতার আওতায় এনেছেন।
এটি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ যা অতীতের কোন সরকার বাস্তবায়ন করতে পারেনি। তিনি আজ শনিবার (২৮ নভেম্বর) বগুড়ার সোনাতলার গোসাইবাড়ী এলাকায় এক বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে উপরোক্ত কথা বলেন।
মোকারম ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক আহসান হাবীব রতন, ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম হান্নু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাদশা, সহ-সভাপতি আবুল কালাম আজাদ কেটু, প্রচার সম্পাদক আব্দুল বারী, শামছুল হক মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দীকুর রহমান সাগর, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মাফু প্রমুখ।
তিনি আরও বলেন, বিএনপি সরকার উন্নয়ন উৎপাদনের সরকার। বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন দেশের উন্নয়ন হয়। তাই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামীতে সকল স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192805