চট্টগ্রাম বিমানবন্দরে বৈদ্যুতিক তার চুরি, আটক ১
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় আনসার সদস্যদের তৎপরতায় তাকে আটক করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সকালে ১৫ নম্বর গেটে দায়িত্ব পালনকালে এক আনসার সদস্যের কাছে ওই বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার পাওয়া যায়। এ সময় তাকে আটক করে বিষয়টি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানানো হয়।
খবর পেয়ে নিরাপত্তা কর্মকর্তা তাঁর দল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিষয়টি বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনকে অবহিত করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির পরিচয় সোহেল বলে নিশ্চিত হওয়ার পর তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এ এলাকায় সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত। এসব ঘটনায় তিনি আগেও একাধিকবার কারাভোগ করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192790