সুনামগঞ্জের মধ্যনগরে খাসজমির দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার চামরদানী ইউনিয়নের আমজোড়া গ্রামের কাছের জনতা বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমজোড়া গ্রামের জাকিরুল আজাদ মান্না এবং জলুসা গ্রামের নূরে আলম জিকুর লোকজনের মধ্যে খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধের জেরে এর আগেও কয়েক দফা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমজোড়া ও জলুসা গ্রামের মধ্যবর্তী হাওর এলাকায় গেলে প্রথমে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন জনতা বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে টেঁটা ও দেশীয় অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন। তাদের মধ্যে সাতজন টেঁটাবিদ্ধ হয়েছেন।
আহতদের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল কুমার সাহা বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর আগেও কয়েকবার তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শনিবারের ঘটনাটিও পূর্ববিরোধের জেরে ঘটেছে। দুর্গম এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংঘর্ষ শেষ হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192779