চিকিৎসক লাঞ্ছিতের প্রতিবাদে মেহেরপুর হাসপাতালে মানববন্ধন ও কর্মবিরতি
দায়িত্বপালনরত অবস্থায় চিকিৎসক মাহাবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের সামনে মানববন্ধনে অংশ নেন চিকিৎসক, নার্স ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এতে নেতৃত্ব দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জাহিদুল ইসলাম। মানববন্ধনে শিশু কনসালটেন্ট কানিজ নাইমা, নাক-কান-গলা বিশেষজ্ঞ আবুল কাশেম এবং নার্সিং সুপারভাইজার আজিরন নেছা অংশগ্রহণ করেন। এ ছাড়া অফিস সহকারী লিটন হোসেনের নেতৃত্বে হাসপাতালের কর্মচারীরাও কর্মসূচিতে অংশ নেন।
মানববন্ধনে একাত্মতা জানিয়ে যোগ দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুস সালাম।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192763