মা আমার মা
রাত তখন অনেক। গ্রামের ছোট্ট কাঁচা ঘরের টিনের চালে টুপটাপ বৃষ্টির শব্দ পড়ছে। বারো বছরের হাফিজ মাটিতে পাটির ওপর শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। পাশে বসে মা সেলাই করছে পুরনো কাপড়। ক্ষীণ আলোয় মায়ের মুখটা ক্লান্ত দেখাচ্ছে, তবু মুখে মায়াভরা হাসি।
হাফিজের বাবা কয়েক বছর আগে শহরে কাজ করতে গিয়ে আর ফিরে আসেননি। কেউ বলে তিনি অন্য কোথাও চলে গেছেন, কেউ বলে দুর্ঘটনা হয়েছে। কিন্তু হাফিজের মা রাহেলা কখনো আশা ছাড়েননি। তিনি প্রতিদিন মানুষের বাড়িতে কাজ করেন, রাতে সেলাই করেন, তবু ছেলেকে কখনো কষ্ট বুঝতে দেন না। সকালে স্কুলে যাওয়ার সময় হাফিজ দেখল, তার জুতোটা আবার ছিঁড়ে গেছে। সে চুপচাপ উঠোনে বসে ছিল।
মা বুঝতে পেরে কাছে এসে বললেন, "কী হয়েছে বাবা?" হাফিজ মাথা নিচু করে বলল, "কিছু না।" মা জুতোর দিকে তাকিয়ে সব বুঝলেন। একটু হেসে বললেন, - "আজ স্কুল থেকে এলে ঠিক করে দেবো।" হাফিজের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে জানে, মা সারাদিন কাজ করেন। তারপরও তার জন্য সময় বের করেন। স্কুলে গিয়ে হাফিজ দেখল, বন্ধুদের নতুন ব্যাগ, রঙিন খাতা। তার পুরনো ব্যাগের সেলাই ছিঁড়ে গেছে। কয়েকজন বন্ধু মজা করল। "এই হাফিজ, তোর ব্যাগ তো ইতিহাস হয়ে গেছে!" সবাই হেসে উঠল। হাফিজ কিছু বলল না। শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। তার খুব কান্না পাচ্ছিল।
বিকেলে বাড়ি ফিরে সে চুপচাপ বসে ছিল। মা রান্নাঘরে ভাত বসাচ্ছিলেন। হঠাৎ হাফিজ বলে উঠল, "মা, তুমি এত কষ্ট করো কেন?" মা একটু থেমে মৃদু হেসে বললেন, "তুই মানুষ হবি বলে।" "মানুষ তো আমি এখনই।" মা কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, "না বাবা, শুধু বড় হলেই মানুষ হওয়া যায় না। ভালো মন থাকতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়।" হাফিজ মায়ের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো, পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা তার মা। পরদিন স্কুলে শিক্ষক ঘোষণা দিলেন, "মা দিবস উপলক্ষে গল্প বলা প্রতিযোগিতা হবে। যার গল্প সেরা হবে, সে পুরস্কার পাবে।" সবাই খুব খুশি। কিন্তু হাফিজ ভাবনায় পড়ে গেল। সে কি গল্প বলবে?
সারারাত ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, সবচেয়ে বড়ো গল্প তো তার নিজের মা। প্রতিযোগিতার দিন স্কুলঘর ভরা ছাত্রছাত্রী। একে একে সবাই গল্প বলল। কেউ রূপকথা, কেউ মজার গল্প। শেষে হাফিজের নাম ডাকা হলো। হাফিজ মঞ্চে উঠে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকন্তু তারপর ধীরে ধীরে বলল, "আমার গল্পের নাম 'মা আমার মা'। আমার মা খুব গরিব। কিন্তু পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও আমার মায়ের মতো ভালোবাসতে পারবে না।" ঘরটা একদম নীরব হয়ে গেল। হাফিজ বলতে লাগল,- "আমার মা নিজের জন্য নতুন কাপড় কেনেন না, কিন্তু আমার স্কুলের খাতা কিনে দেন। নিজে কম খেয়ে আমাকে বেশি ভাত দেন। আমি অসুস্থ হলে সারারাত জেগে থাকেন। আমার মা শুধু মা না তিনি আমার সাহস, আমার ছায়া।" কথাগুলো বলতে বলতে হাফিজের চোখে পানি চলে এল। শিক্ষকরাও চুপ হয়ে গেলেন।
অনেকের চোখ ভিজে উঠল। প্রধান শিক্ষক উঠে এসে হাফিজের কাঁধে হাত রেখে বললেন, "আজকের সেরা গল্প এটি নয়, এটি এক সন্তানের হৃদয়ের কথা।" হাফিজ প্রথম পুরস্কার পেল। পুরস্কার হিসেবে ছিল একটি সুন্দর ব্যাগ আর কিছু বই। বাড়ি ফিরে সে দৌড়ে মায়ের হাতে ব্যাগটা দিলো। "মা, আমি জিতেছি!" মা অবাক হয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। তার চোখে আনন্দের অশ্রু। হাফিজ মায়ের বুকে মুখ লুকিয়ে বলল, "মা, বড়ো হয়ে আমি তোমার সব কষ্ট দূর করব।" মমতাময়ী মা-রাহেলাছেলের মাথায় চুমু খেয়ে বললেন,- "তুই ভালো মানুষ হলেই আমার সব কষ্ট দূর হয়ে যাবে বাবা।" বাইরে তখন আবার বৃষ্টি নামছে। কিন্তু ছোট্ট সেই ঘরের ভেতর ভালোবাসার উষ্ণতায় পৃথিবীটা যেন অনেক সুন্দর হয়ে উঠল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192738