নীল জলের রূপকথার দ্বীপ: সেন্টমার্টিন
সবুজ ডেস্ক : বন্ধুরা, তোমরা কি কখনো এমন এক জায়গার কথা ভেবেছ, যেখানে চারপাশে শুধু নীল জল আর সারি সারি নারকেল গাছ? বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে টেকনাফ থেকে ৯ কিলোমিটার দক্ষিণে এবং কক্সবাজার থেকে কিলোমিটার ১২০ দুরে বঙ্গোপসাগরের বুকে জেগে থাকা এমনই এক জাদুকরী দ্বীপের নাম 'সেন্ট মার্টিন'। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ।
প্রচুর নারকেল গাছ থাকায় স্থানীয় মানুষ একে ভালোবেসে ডাকেন 'নারিকেল জিঞ্জিরা'। কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এই দ্বীপটির অবস্থান। ট্রলার বা জাহাজে করে নীল জলরাশি পেরিয়ে যখন তুমি এই দ্বীপে পা রাখবে, মনে হবে যেন কোনো রূপকথার রাজ্যে চলে এসেছ! সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে এর সমুদ্রের নিচে ও সৈকতে।
এখানকার পানি এতটাই স্বচ্ছ যে ওপর থেকেই পানির নিচের রঙিন পাথর আর প্রবাল দেখা যায়। প্রবাল হলো এক ধরনের সামুদ্রিক জীবের কঙ্কাল, যা হাজার হাজার বছর ধরে জমে পাথরের মতো শক্ত হয়ে দ্বীপটি তৈরি করেছে। এই দ্বীপে প্রায় ৬৬ প্রজাতির প্রবাল রয়েছে। এছাড়া এখানে দেখা মেলে নানা রঙের মাছ, লাল কাঁকড়া, শামুক-ঝিনুক আর কচ্ছপের।
শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে অনেক অতিথি পাখিও বেড়াতে আসে এই দ্বীপে। সেন্ট মার্টিনের ঠিক পাশেই রয়েছে আরেকটি ছোট্ট দ্বীপ, যার নাম 'ছেঁড়াদ্বীপ'। জোয়ারের সময় এটি মূল দ্বীপ থেকে আলাদা হয়ে যায়, আর ভাটার সময় হেঁটেই যাওয়া যায় সেখানে! দ্বীপের মানুষের প্রধান পেশা মাছ ধরা ও পর্যটন। এখানকার তাজা ডাবের পানি আর সামুদ্রিক মাছের স্বাদ দারুণ মজার। তবে মনে রেখো, প্রকৃতির এই অপূর্ব দান কিন্তু বেশ নাজুক।
প্লাস্টিকের বোতল বা চিপসের প্যাকেট ফেললে এবং প্রবাল তুলে আনলে দ্বীপটির পরিবেশ নষ্ট হয়। তাই বড় হয়ে তোমরা যখন সেন্ট মার্টিনে বেড়াতে যাবে, তখন অবশ্যই দ্বীপটিকে পরিষ্কার রাখবে এবং এর প্রবাল ও প্রাণীদের রক্ষা করবে। কেমন?
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192735