দুই জা-এর ঝগড়ায় অতিষ্ঠ হয়ে স্ত্রীদের হত্যা করে জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই!
ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় তাদের বাবা-মাকেও গ্রেপ্তার করা হয়েছে। নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)।
পুলিশের বরাতে জানা যায়, গত সোমবার (২৩ নভেম্বর) শিব শঙ্কর সাহু ও তার ভাই নবীন সাহু নিজেদের স্ত্রীদের হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। পরে শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি পার্শ্ববর্তী সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে পুঁতে রাখা হয়।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বার্তা সংস্থা পিটিআইকে জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই নারীর মধ্যে বিরোধ চলছিল। এর জেরে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছিল। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগেই ওই দুই নারী নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে নিয়েছিলেন।
ঘটনার পরদিন দুই ভাই থানায় গিয়ে দাবি করেন, তাদের স্ত্রীরা কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে একপর্যায়ে তারা হত্যার কথা স্বীকার করেন বলে জানিয়েছেন পুলিশ সুপার। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের পাশাপাশি তাদের বাবা সমেশ্বর সাহু ও মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ পরিবহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192707