সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায়
দেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকারের সঙ্গে সংলাপে ১১ দলীয় ঐক্য একসঙ্গে অংশ নিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে বৈঠকটি হয়।
হামিদুর রহমান বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার যে অঙ্গীকার ছিল সেখানে এখন বিভক্তি তৈরি হয়েছে। বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে।
তিনি জানান, সংকট নিরসনে বিরোধীদলের সঙ্গে সরকারের সংলাপ হবে মর্মে কয়েকদিন ধরে আলোচনা চলছে। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরেকটি সংলাপ আহ্বান করা হয়েছে। এ বিষয়ে আজকের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।হামিদুর রহমান বলেন, ‘নির্বাচন কমিশন যে সংলাপ আয়োজন করেছে, এটাকে অর্থবহ করতে হলে ১১ দলীয় ঐক্যে থাকা দলগুলোর সঙ্গে একসঙ্গে সংলাপ করার জন্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। এ বিষয়ে ১১ দলের পক্ষ থেকে আলাদা সময় বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে আমরা আবেদন করবো।’
তিনি আরও বলেন, ‘সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন না করে আজকে সংকটের জন্ম দিয়েছে। সংস্কার কোনো দলের একক দাবি নয়, গোটা জাতির দাবি। এজন্য আমরা গণভোটের রায় বাস্তবায়নের জন্য বারবার আহ্বান করেছি। সংসদে ও রাজপথে দাবি তুলেছি, নোটিশ দিয়েছি। কিন্তু সিদ্ধান্ত ছাড়া সংসদের আলোচনা থেকে নোটিশ বাদ দেওয়া হয়েছে। এ কারণ রাজপথে আন্দোলন করছে ১১ দল।’
‘গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি ১১ দলের সম্মিলিত দাবি। তাই একক দল হিসেবে আমরা এ সংলাপে অংশগ্রহণ করতে চাই না। জাতীয় সংলাপে একসঙ্গে ১১ দলীয় ঐক্য অংশগ্রহণ করতে চায়। আমরা আশাবাদী এ সংলাপ আগামী দিনে দেশের সংকট নিরসনে ভূমিকা রাখতে পারবে, জাতি যে আশা নিয়ে জুলাই বিপ্লব করেছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে,’ যোগ করেন জামায়াত নেতা।
তিনি আরও বলেন, ‘সংকট নিরসনের জায়গায় আমাদের সবার সহযোগিতা লাগবে, তবে মূল দায়িত্বটা সরকারের। এখানে সরকার কতটুকু আন্তরিক, আদৌ সরকার সংস্কার চায় কি না, চাইলে কীভাবে চায় তা গুরুত্বপূর্ণ। সংস্কার কীভাবে হবে, প্রক্রিয়া কী, তা জনগণ ঠিক করে দিয়েছে। সংস্কার হবে জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটের রায়ের ভিত্তিতে। সাংবিধানিক সংস্কারের বিষয়ে গণভোটে প্রায় ৭০ শতাংশ জনগণ ভোট দিয়েছে। আর এই প্রক্রিয়াটি করতে হবে সংস্কার পরিষদ গঠনের মাধ্যমে।’
সরকার সংলাপ আয়োজন করার পর ১১ দলের শীর্ষ পর্যায়ে আলোচনার মাধ্যমে সংলাপের বিষয়গুলো নির্ধারণ করা হবে বলেও জানান হামিদুর রহমান আযাদ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192698