ইয়াবা সেবনের ছবি ভাইরাল, মাদকসহ দম্পতি আটক

ইয়াবা সেবনের ছবি ভাইরাল, মাদকসহ দম্পতি আটক

চাঁদপুরের ফরিদগঞ্জে নিজ ঘরে বসে ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর স্বামীসহ পুলিশের হাতে আটক হয়েছেন ফাতেমা আক্তার প্রিয়া (২৫) নামে নারী। এ সময় তাদের কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তাদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে ফরিদগঞ্জ থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার এ আর পাইলট উচ্চ বিদ্যালয়ের পেছনের একটি আবাসিক এলাকার ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটকরা হলেন- লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার প্রিয়া (২৫) ও তার স্বামী রাকিবুল হাসান (৩৮)। সম্প্রতি তারা ফরিদগঞ্জে শহরে এসে বাসা ভাড়া করে মাদককারবারি শুরু করেন।

 

পুলিশ জানায়, নিজ ঘরের ভেতরে ইয়াবা সেবনের একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন ফাতেমা আক্তার প্রিয়া। দীর্ঘদিন ধরে প্রিয়া ও তার স্বামীর বিরুদ্ধে মাদক কারবারিতে জড়িত থাকার অভিযোগও ছিল।

 

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের একটি চৌকস দল গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় প্রিয়া ও তার স্বামী রাকিবুলকে আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আদালতে তাদের সোপর্দ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192686