বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, স্কুল মিল্ক ফিডিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে জেলা প্রাণিসম্পদ দপ্তর বগুড়ার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি-ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল ওয়াজেদ, সমবায় ব্যাংক বগুড়ার চেয়ারম্যান এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা ডেইরি খামারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বগুড়ার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিরাপদ দুধ, মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। প্রাণিসম্পদের উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি খামারিদের আন্তরিক অংশগ্রহণ প্রয়োজন। বক্তারা আরও বলেন, শিশুদের পুষ্টি চাহিদা পূরণে দুধের গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের দুধ পান ও পুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহিত করতে হবে।

অনুষ্ঠানে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দুধের পুষ্টিগুণ ও স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেয়া হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে উন্নত জাতের গবাদিপশু, খামার ব্যবস্থাপনা এবং প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192622