বগুড়া সিটি প্রশাসকের প্রতিশ্রুতিতে চাকরি পেলেন নিহত স্কুলছাত্র গালিবের মা 

বগুড়া সিটি প্রশাসকের প্রতিশ্রুতিতে চাকরি পেলেন নিহত স্কুলছাত্র গালিবের মা 
শহর প্রতিনিধি:  বগুড়ায় নিহত স্কুলছাত্র গালিবের মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের প্রথম প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। বৃহস্পতিবার নগর ভবনে সিটি প্রশাসকের কার্যালয়ে নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনের নিয়োগপত্র হস্তান্তর করা হয়।
 
স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যার ঘটনায় জড়িতদের বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে গত রোববার মানবন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী ও স্কুল শিক্ষার্থীরা। বিক্ষোভকারীরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে স্লোগান দেন। বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ঘটনাস্থলে গিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের আশ্বাস এবং গালিবের মায়ের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। এরই প্রেক্ষিতে গতকাল নিহত গালিবের মা ইয়াসমিন খাতুনকে সিটি কর্পোরেশনে এম এল এস এস(অফিস সহকারী) পদে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়।
 
উল্লেখ্য, নিহত গালিবের মা ইয়াসমিন খাতুন বগুড়া সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠনঠনিয়া নতুনপাড়া এলাকার বাসিন্দা। গত ১৯ নভেম্বর রাতে দুর্বৃত্তদের হামলায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব নিহত হয়। গালিব হত্যাকান্ডের মাত্র ২৯দিন আগে তার বাবা মাহবুবুর রহামানও মারা যান। এই অবস্থায় স্বল্প সময়ের মধ্যে স্বামী ও ছেলে সন্তানকে হারিয়ে পরিবারটি চরম শোক ও অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিল।
 
পরিবারের আর্থিক সহায়তা ও মায়ের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বগুড়া সিটি কর্পোরেশন এ উদ্যোগ গ্রহণ করেছে বলে নিশ্চিত করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী। তিনি আরও জানান, ইয়াসমিন খাতুন স্বল্প শিক্ষিত হওয়ায় যোগ্যতা অনুযায়ী তাকে এই পদে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তিনি আজীবন এই পদে কর্মরত থাকতে পারবেন এবং সিটি কর্পোরেশনের বিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা ও বেতন ভাতা পাবেন।
 
নিহত গালিবের মা ও বোন সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং  গালিবের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতেরও দাবি করেন। এসময় সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, নিহত গালিবের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। তার মায়ের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে পরিবারটির পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে বগুড়া সিটি কর্পোরেশন থাকবে।
 
এসময় উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী, বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুজ্জামান।
 
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192615