জয়পুরহাটে ছয় দশকেও চালু  হয়নি চুনাপাথর উত্তোলন 

জয়পুরহাটে ছয় দশকেও চালু  হয়নি চুনাপাথর উত্তোলন 

জয়পুরহাট প্রতিনিধি: ষাটের দশকের শুরুতে জয়পুরহাটের চকগোপাল এলাকায় চুনাপাথরের সন্ধান পাওয়া যায়। এরপর ১৯৬৬-৬৭ সালে খনিজ সম্পদের পরিমাণ ও উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে সমীক্ষা চালানো হয়। সে সময়ে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের সমীক্ষায় বছরে ১৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন সিমেন্ট উৎপাদনের পরিকল্পনা করা হয়। সে সময়ই খনি ও সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের শিল্পায়নের সম্ভাবনার দ্বার খোলার স্বপ্ন দেখছিলেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জয়পুরহাটের প্রায় ৬ দশমিক ৪৭ বর্গকিলোমিটার এলাকায় ভূগর্ভে রয়েছে প্রায় ২৭ কোটি মেট্রিক টন চুনাপাথর। এরমধ্যে প্রায় ১০ কোটি মেট্রিক টন উত্তোলনযোগ্য হতে পারে বলে বিভিন্ন মূল্যায়নে উল্লেখ করা হয়েছে। ভূগর্ভের প্রায় ৫১৫ থেকে ৫৪১ মিটার গভীরে রয়েছে এই খনিজ সম্পদ। 

অথচ এত বিপুল সম্পদ থাকা সত্ত্বেও আজ পর্যন্ত বাণিজ্যিকভাবে চুনাপাথর উত্তোলন শুরু করা যায়নি। ১৯৭৪ সালে সরকার প্রকল্পটি অনুমোদন দেয়। ১৯৮১ সালে খনি বাস্তবায়নে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়। প্রথম পর্যায়ে ২১টি কূপ খনন করে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালানো হয়। পরবর্তী সময়ে খনির গভীরে প্রবেশের পথ তৈরিসহ অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়। পরিকল্পনা ছিল দৈনিক প্রায় ৫ হাজার ৫০০ মেট্রিক টন চুনাপাথর উত্তোলনের। কিন্তু ভূগর্ভস্থ পানির চাপ, কারিগরি জটিলতা ও বিপুল অর্থায়নের প্রয়োজনীয়তায় থেমে যায় প্রকল্পের কাজ। এরপর বিভিন্ন সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার কথা শোনা গেলেও তা আর কার্যকর রূপ পায়নি।

 প্রকল্প ঘুরে দেখা যায়, একসময় যেখানে বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার কথা ছিল, সেখানে নেই কোনো উৎপাদন কার্যক্রম। পুরোনো স্থাপনাগুলোর অনেক কিছুই আর দৃশ্যমান নয়। কোথাও অবকাঠামোর চিহ্ন, কোথাও ফাঁকা জায়গা। প্রকল্পের মূল কার্যক্রম বন্ধ থাকায় এলাকাটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। নতুন করে গেট ও সীমানাপ্রাচীর নির্মাণ হলেও খনি চালু কিংবা সিমেন্ট কারখানা স্থাপনের কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মী মোয়াজ্জেম হোসেন বলেন, এত বড় একটি খনিজ সম্পদের সন্ধান পাওয়ার পরও দীর্ঘ সময় ধরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়া দুঃখজনক। একসময় এখানে বড় শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার স্বপ্ন দেখেছিলেন স্থানীয়রা। কিন্তু বছরের পর বছর কেটে গেলেও সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। প্রকল্পের অবকাঠামো ও স্থাপনাগুলোও ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তার মতে, সরকার নতুন করে উদ্যোগ না নিলে একসময় প্রকল্পের অস্তিত্বও শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ হয়ে পড়বে। জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্পের দায়িত্বরত কর্মচারী আব্দুর রশিদ বলেন, একসময় এখানে প্রকল্প ঘিরে নানা কার্যক্রম ছিল। অফিস, আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। কিন্তু দীর্ঘদিন ধরে প্রকল্পটি বন্ধ থাকায় সেসব স্থাপনার অনেক কিছুই এখন আর আগের অবস্থায় নেই। এত সম্ভাবনাময় একটি প্রকল্প এভাবে পড়ে থাকায় হতাশ সংশ্লিষ্টরাও। জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু বলেন, দেশে সিমেন্ট উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামালের একটি বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। জয়পুরহাটের চুনাপাথর খনি চালু করা গেলে স্থানীয়ভাবে কাঁচামাল সরবরাহের সুযোগ তৈরি হবে। এতে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি নতুন শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অর্থনীতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192603