ময়মনসিংহে শ্রমিকদের বিক্ষোভের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ
ময়মনসিংহের ভালুকায় শ্রমিকদের বিক্ষোভের চেষ্টাকে কেন্দ্র করে একটি তৈরি পোশাক কারখানায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থিত পিএ নিট কম্পোজিট গার্মেন্টস ও টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
এতে ধোঁয়ায় আক্রান্ত হয়ে সাত শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকেরা কারখানার ভেতরে ফিরে যান। বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কারখানার মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক আহমেদ জাহান রুমী বলেন, ‘টিয়ারশেলের ধোঁয়ায় আক্রান্ত হয়ে সাতজন শ্রমিক কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নেন। ঘটনার পর থেকে কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।’
এ বিষয়ে শিল্প পুলিশ-৫-এর পুলিশ সুপার মো. আনছার উদ্দিন বলেন, ‘শ্রমিকেরা আন্দোলনের উদ্দেশ্যে কারখানা থেকে বের হতে চাইলে তাদের বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু তারা না মানায় বল প্রয়োগ করতে হয়েছে। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192602