১৩ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু হচ্ছে বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ
বিশ্ব সামরিক ক্রীড়াঙ্গনের মর্যাদাপূর্ণ আসর ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপের পর্দা উঠছে ঢাকায়। আগামী ২৭ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে আট দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১৩ দেশের ১১৭ জন সামরিক কর্মকর্তা ও গলফার অংশ নেবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আইএসপিআর জানায়, আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা (সিআইএসএম) এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রাজিল, কানাডা, এস্তোনিয়া, ফ্রান্স, জার্মানি, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, নেদারল্যান্ডস, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এ ছাড়া প্রতিযোগিতায় সিআইএসএম সদর দপ্তরের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।
আগামী ২৮ নভেম্বর প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন এবং ৩ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়া সংস্থা হিসেবে পরিচিত সিআইএসএম প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালের ১৮ ফেব্রুয়ারি ফ্রান্সের নিস শহরে। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে ক্রীড়াচর্চার প্রসার, পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই সংস্থাটির মূল লক্ষ্য। বর্তমানে সংস্থাটির সদস্য দেশ ১৪২টি।বাংলাদেশ ১৯৭৬ সালে সিআইএসএমের ৪১তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এরপর থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সংস্থাটির বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে আসছে।
এর আগে ২০২৪ সালে ঢাকায় তৃতীয় সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি আরচারি চ্যাম্পিয়নশিপ সফলভাবে আয়োজন করে বাংলাদেশ। এবার বিশ্ব সামরিক গলফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়াঙ্গনে নিজেদের সক্ষমতা তুলে ধরার আরেকটি সুযোগ পাচ্ছে দেশটি।
আইএসপিআর আরও জানায়, এ ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সাংগঠনিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারত্ব ও আতিথেয়তা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা তুলে ধরার সুযোগ তৈরি হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192589