যুক্তরাষ্ট্রকে ছাড়া যেকোন মুহূর্তে ইরানে হামলা চালাতে প্রস্তুত ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন বলেছেন, যুক্তরাষ্ট্রকে সঙ্গে না নিয়েও যেকোনো মুহূর্তে ইরানে শক্তিশালী হামলা চালাতে প্রস্তুত ইসরাইলি সেনাবাহিনী। খবর : আল জাজিরা
ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কানকে দেওয়া বক্তব্যে ডেফরিন বলেন, ইরান এখনো ইসরাইলের অস্তিত্বের জন্য বড় হুমকি। ইসরাইলকে ধ্বংস করার যে পরিকল্পনা তেহরানের রয়েছে, তা এখনো শেষ হয়ে যায়নি। তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবিলায় ইসরাইল যেকোনো সময় এবং প্রয়োজনে এককভাবেও সামরিক অভিযান চালাতে সক্ষম।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকেই ইসরাইল ও ইরানের মধ্যে নিয়মিত পালটাপালটি হুমকি ও উত্তেজনা চলছে। দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কাও ক্রমাগত বাড়ছে। এর আগে গত সেপ্টেম্বরে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, তেহরান ইসরাইলে হামলা চালালে ইরানকে ‘প্রস্তর যুগে ও অন্ধকারে’ ফিরিয়ে দেওয়া হবে।
ুুসাম্প্রতিক সময়ে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের একের পর এক কঠোর বক্তব্যে দুই দেশের সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সরাসরি অংশগ্রহণ ছাড়াই ইরানে হামলার প্রস্তুতির কথা জানিয়ে ইসরাইল নতুন করে সামরিক অবস্থান স্পষ্ট করল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192580