মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার
মানিকগঞ্জে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। নিখোঁজের ছয় দিন পর গত ২৪ নভেম্বর রাতে ঢাকার উত্তরা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
গতকাল বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চেন ইয়ংকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। এ ঘটনায় পরদিন তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ২৪ নভেম্বর রাতে নিখোঁজ শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাকে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। এ সময় চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মুঠোফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় চেন ইয়ংসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীর বাবা।
মানিকগঞ্জ সদর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে তাকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192575