ঘরের মাঠে পিএসজি’র জয়রথ থামালো রোমা

ঘরের মাঠে পিএসজি’র জয়রথ থামালো রোমা

স্পোর্টস ডেস্ক : নিজেদের মাঠ পার্ক দে প্রিন্সেসে ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ড্রয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির টানা ১২ ম্যাচের জয়ের ধারাও থেমেছে। চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ জয়ের কীর্তিতে রিয়াল মাদ্রিদের সঙ্গী হওয়ার সুযোগও হাতছাড়া করেছে তারা।

সাম্প্রতিক সময়ে চোটের কারণে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছে পিএসজি। গত মাসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন খভিচা কাভারাস্খেলিয়া। গত শনিবার নিসের বিপক্ষে জয়ের ম্যাচে একই চোটে পড়েন দেজিরে দুয়ে। রোমার বিপক্ষে তাই শুরু থেকে উসমান দেম্বেলেকে বেঞ্চে রাখেন কোচ লুইস এনরিকে। অন্যদিকে একাদশে ব্যাপক পরিবর্তন আনেন রোমা কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনি। পাওলো দিবালা, মালেন ও ব্রায়ান ক্রিস্তান্তেকে রাখা হয় বেঞ্চে।

ম্যাচ শুরুর আগে পার্ক দে প্রিন্সেসে ইতালির রাজধানী থেকে আসা অতিথিদের স্বাগত জানানো হয় দুই গ্ল্যাডিয়েটরের বিশাল টিফো প্রদর্শন করে। তবে লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিল রোমা। পঞ্চম মিনিটেই মাতিয়াস সুলের পাস থেকে গোল করেন হেরমোসো। বাঁ প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাইলাইন থেকে বল পেছনে বাড়িয়েছিলেন সুলে। সাত গজ দূর থেকে শটে জাল খুঁজে নেন রোমার এই ডিফেন্ডার। গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে পিএসজি। তবে নুনো মেন্দেসের প্রচেষ্টা রুখে দেন রোমার গোলরক্ষক মিলে স্বিলার। ৩১ মিনিটে কর্নার থেকে সমতায় ফেরে স্বাগতিকেরা। অরক্ষিত অবস্থায় থাকা জাবারনি কাছের পোস্টে হেড করে বল জালে পাঠান। চ্যাম্পিয়ন্স লিগে এটিই ছিল বোর্নমাউথের সাবেক এই ডিফেন্ডারের প্রথম গোল।

বিরতির আগে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল রোমা। কর্নার থেকে ইভান এনদিকার হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর হেরমোসোও গোলের সুযোগ নষ্ট করেন। ওয়েসলির ক্রস থেকে পাওয়া বল ভলিতে মারলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। নিকোলো পিসিল্লির নিচু শটও দারুণভাবে ঠেকান পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনভ। 
দ্বিতীয়ার্ধেও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। ৬০ মিনিটের আগে দেম্বেলে ও ওয়ারেন জাইরে-এমেরিকে মাঠে নামান এনরিকে। মাঠে নেমেই প্রভাব রাখেন দেম্বেলে। আচরাফ হাকিমি রোমার রক্ষণ ভেঙে বক্সে ঢুকে পড়লে ওয়েসলি তাকে ফাউল করেন। রেফারি গ্লেন নিয়বার্গ পেনাল্টির নির্দেশ দেন। তবে রোমার ডিফেন্ডারকে দেখান হলুদ কার্ড।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি দেম্বেলে। গোলরক্ষককে ভুল দিকে পাঠিয়ে প্রতিযোগিতায় নিজের চতুর্থ গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। তবে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি রোমা। ৭৪ মিনিটে পাল্টা আক্রমণ থেকে সমতায় ফেরার সুযোগ তৈরি করে তারা। বদলি মালেনের বাড়ানো বল থেকে সুলের শট পিএসজি মিডফিল্ডার ভিতিনহার হাতে লাগে। দীর্ঘ সময় ভিএআরের পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পটকিক থেকে গোল করে রোমাকে সমতায় ফেরান মালেন। এর আগের সপ্তাহান্তে পারমার বিপক্ষে সিরি আ ম্যাচে চার গোল করেছিলেন তিনি।

শেষ দিকে ফাবিয়ান রুইজের দুটি প্রচেষ্টা আটকে যায়। দেম্বেলের শটও ঠেকিয়ে দেন স্বিলার। ফলে পিএসজির মাঠ থেকে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট নিয়েই ফেরে রোমা। চ্যাম্পিয়ন্স লিগে এটি তাদের পঞ্চম পয়েন্ট।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192561