যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কিনছে সরকার
যুক্তরাষ্ট্র থেকে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিকটন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকারি। এতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। প্রতি মেট্রিকটন গমের দাম পড়বে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।
গতকাল বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র থেকে জিটুজি পদ্ধতিতে ৪ লাখ ৪০ হাজার মেট্রিকটন গম আমদানি করা হবে। এ পরিমাণের সঙ্গে প্রয়োজনে আরও ১০ শতাংশ গম আমদানির সুযোগ রাখা হয়েছে। এ গম সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ইউএস হুইট অ্যাসোসিয়েটসের (ইউএসডব্লিউ) অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। প্রতি মেট্রিকটন গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪৭ দশমিক ৭৫ মার্কিন ডলার।
সব মিলিয়ে এ আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৯০৮ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা। ফলে প্রতি কেজি গমের জন্য ব্যয় হবে ৪৩ টাকা ৩৮ পয়সা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192560