প্রতিপক্ষের জালে এক হালি গোল বার্সেলোনার
স্পোর্টস ডেস্ক : আজারবাইজানের রাজধানী বাকুতে সাবাহ এফকেকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জোড়া গোল করেছেন অ্যান্থনি গর্ডন। বাকি দুটি গোল করেছেন করিম আদেয়েমি ও গ্যাব্রিয়েল জেসুস। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা জয়-ল্যান্স মিকেলস।
এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা। পাঁচ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। ভিয়ারিয়ালের বিপক্ষে রোমাঞ্চকর প্রত্যাবর্তনের জয়ের পর একাদশে বেশ কয়েকটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। চোটের কারণে ছিলেন না লামিনে ইয়ামাল। রাফিনহা, জোয়াও ক্যানসেলো ও এরিক গার্সিয়াকে রাখা হয় বেঞ্চে।
একাদশে সুযোগ পান গর্ডন ও সাবেক আর্সেনাল স্ট্রাইকার জেসুস। রক্ষণভাগের মাঝখানে খেলেন ফ্রেঙ্কি ডি ইয়ং। প্রথম চার ম্যাচে মাত্র এক জয় পাওয়া সাবাহর বিপক্ষে বার্সেলোনার সহজ জয়ই প্রত্যাশিত ছিল। তবে ম্যাচের শুরুতে সেই ধারণা ভুল প্রমাণের ইঙ্গিত দেয় আজারবাইজানের চ্যাম্পিয়নরা। নবম মিনিটে খায়াল আলিয়েভের শট ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক হোয়ান গার্সিয়া। এরপর ডু কুইরোজের ১২ গজ দূর থেকে নেওয়া ভলি অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
বার্সেলোনাও আক্রমণে কম যায়নি। গর্ডনের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। পেদ্রির জোরালো ভলি ফিরিয়ে দেন সাবাহ গোলরক্ষক স্তাস পোকাতিলভ। ৩১ গোল করে বার্সাকে এগিয়ে দেন গর্ডন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা। ৩৯ মিনিটে করিম আদেয়েমির ক্রস ঠিকমতো সামলাতে পারেননি পোকাতিলভ। ফিরতি বল পেয়ে সাত গজ দূর থেকে জালে পাঠান গর্ডন। গত ফেব্রুয়ারিতে নিউক্যাসলের হয়ে বাকুতে কারাবাগের বিপক্ষে চার গোল করেছিলেন ইংলিশ এই ফরোয়ার্ড। এবার বার্সেলোনার জার্সিতেও সেই শহরে গোলের দেখা পেলেন তিনি।
বিরতির আগে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। তবে আদেয়েমির কাছ থেকে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি নিজেই। ফেরমিন লোপেসের শটও ঠেকিয়ে দেন পোকাতিলভ। বিরতির পর মাঠে ফিরেই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৫১ মিনিটে ডান দিক দিয়ে দুর্দান্ত গতিতে এগিয়ে গিয়ে বল কাটব্যাক করেন আদেয়েমি। গ্যাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে নিজের দ্বিতীয় গোলটি করেন গর্ডন। এর চার মিনিট পরই ব্যবধান ৩-০ করেন আদেয়েমি। আলেহান্দ্রো বালদের নিচু ক্রসে দূরের পোস্টে স্লাইড করে বল জালে পাঠান তিনি। ৬০ মিনিটে জুলস কুন্দের হেড থেকে পাওয়া বল গোলরক্ষক ফিরিয়ে দিলেও ফিরতি বলে পা ছুঁইয়ে বার্সেলোনার চতুর্থ গোলটি করেন জেসুস।
লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে চলতি মৌসুমে এটি ছিল বার্সেলোনার ৬৯তম গোল। ম্যাচে আরও গোলের সম্ভাবনা তৈরি করেছিল ফ্লিকের দল। তবে ৬৩ মিনিটে সাবাহর হয়ে সান্ত্বনাসূচক গোল করেন বদলি খেলোয়াড় মিকেলস। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192559