বিনাখরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

বিনাখরচে আজ মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনাখরচে মালয়েশিয়ায় কর্মী পাঠাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম ফ্লাইটে ১১২ জন কর্মী মালয়েশিয়া যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

জানা গেছে, তারা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১,৭০০ রিঙ্গিত মূল বেতনে, তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে, নিয়োগকর্তার দেওয়া আবাসন ও চিকিৎসা সুবিধাসহ কাজ করবেন। বিকাল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তাদের আনুষ্ঠানিক বিদায় শুভেচ্ছা জানাবেন। 

বোয়েসেল জানিয়েছে, এই কর্মসূচিতে ‘শূন্য মানে শূন্য’। কর্মীকে বোয়েসেল বা অন্য কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনও অর্থ দিতে হচ্ছে না। পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, বিএমইটি নিবন্ধন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড ফি, প্রাক-বহির্গমন প্রশিক্ষণ, বীমা, যাতায়াত ও আবাসনসহ বাংলাদেশ অংশের কর্মীপ্রতি ২৬ হাজার ৩৫০ টাকা এবং ভিসা ফি ও বিমান টিকেটের সম্পূর্ণ ব্যয় নিয়োগকর্তা বহন করছে।

রাশেদুল হক জানান, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা হিসাবে কর্মীদের সাশ্রয় প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া ছিল সম্পূর্ণ দালালমুক্ত ও স্বচ্ছ। ৪ হাজার ৩৯ জনের অনলাইন আবেদন থেকে গণমাধ্যমের সামনে প্রকাশ্য ই-লটারিতে ৩০০ জন এবং পরবর্তীতে নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।
বোয়েসেল আরও জানায়, এটি কেবল শুরু। মালয়েশিয়ার ৪টি প্রতিষ্ঠান থেকে বিনা খরচে মোট ১ হাজার ৪৮ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে। এই চার প্রতিষ্ঠান হলো ডিএইচএল (১১২), টপ গ্লোভ (৩৭৯), তাতাওয়া ইন্ডাস্ট্রি (৩২) ও ইউনাইটেড প্ল্যান্টেশন (৫২৫)। 

সবশেষে বোয়েসেলের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, সরকারি এই কর্মসূচিতে কাউকে কোনও টাকা দিতে হয় না। বোয়েসেলের নামে কেউ টাকা চাইলে তা প্রতারণা। সব বিজ্ঞপ্তি কেবল বোয়েসেলের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192556