যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের উপকূলে মেক্সিকো উপসাগরে ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুর্ঘটনার পর কয়েক ঘণ্টার তল্লাশি শেষে উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা।
নিহত ব্যক্তিরা লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স থেকে মাছ ধরা শেষে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় নিহত পাইলট ব্রেন্ট স্টোকসের বয়স ছিল ৫০ বছর। তিনি ফোর্ট মায়ার্সভিত্তিক একটি সামুদ্রিক নির্মাণ প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন। অন্য নিহতরা হলেন-স্টোকসের ১৬ বছর বয়সী ছেলে হান্টার, তার বোন ৪৩ বছর বয়সী আর্লিন নক্স, আর্লিনের স্বামী ৪৩ বছর বয়সী মাইকেল নক্স এবং তাদের দুই ছেলে ১২ বছর বয়সী চার্লস হোল্ডেন নক্স ও ১০ বছর বয়সী ট্রুয়েট নক্স। জ্যাকসন কাউন্টির করোনার ব্রুস লিন্ড জুনিয়র জানিয়েছেন, ব্রেন্ট স্টোকস ও মাইকেল নক্সের ময়নাতদন্ত করা হচ্ছে। মাইকেলও উড়োজাহাজ চালানোর বৈধ সনদধারী ছিলেন।
মেক্সিকো উপসাগরে মিসিসিপির পাসকাগুলা ও হর্ন আইল্যান্ডের মাঝামাঝি এলাকায় সেসনা-২১০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। উপকূলরক্ষী বাহিনীর মুখপাত্র হুয়ান রস জানিয়েছেন, প্রথমে উদ্ধারকারীরা পানিতে তিনটি লাইফ জ্যাকেট, একটি লাইফ র্যাফট ও উড়োজাহাজের কেবিন ভাসতে দেখেন। পরে ডুবুরিরা উড়োজাহাজের মূল কাঠামোর ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেন।
উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে আলাবামার মোবাইলের আঞ্চলিক বিমান নিয়ন্ত্রণকেন্দ্র উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারানোর কথা জানায়। এর কিছুক্ষণ আগে গালফপোর্ট-বিলোক্সি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন নিয়ন্ত্রক পাইলটকে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন।
নিহত দুই পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা একসঙ্গে মাছ ধরার আনন্দময় সময় কাটিয়ে পরিবারের অন্য সদস্যদের কাছে ফিরছিলেন। সূত্র : আল জাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192555