জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা।

ভুক্তভোগী আওরঙ্গজেব রমজান বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আবর্তনের (২০২৩-২৪ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। রমজান জানান, বুধবার বিকেলে তিনি অটোরিকশায় করে বিশমাইল হয়ে টিউশনে যাচ্ছিলেন। এসময় এক সেনাসদস্য তার অটোরিকশা থামিয়ে লাঠি দিয়ে আঘাত করেন। কেন আঘাত করা হচ্ছে জানতে চাইলে তার হাত ধরে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে লাথিসহ বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। এরই মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’

তিনি আরও জানান, আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বিষয়টি জানার পর উপাচার্য নিজেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন।

অবরোধকারী শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত সেনাসদস্যকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192526