দুর্ভোগের নাম নাটোর বাসটার্মিনাল : একটু বৃষ্টিতেই কাদা-পানিতে একাকার
নাটোর প্রতিনিধি : সামান্য বৃষ্টি হলেই পানি ও কাদায় একাকার হয়ে পড়ে নাটোর বাস টার্মিনাল। পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর টার্মিনালজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার যাত্রী, পরিবহন শ্রমিক, পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে সংশ্লিষ্টদের মধ্যে।
সরেজমিনে দেখা যায়, টার্মিনালের বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে কাদার সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও বড় গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল ও যাত্রীদের যাতায়াত ব্যাহত হচ্ছে। বিশেষ করে বাসে ওঠা-নামার সময় নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের পড়তে হচ্ছে বেশি বিপাকে। কাদা-পানি মাড়িয়ে কাউন্টারে পৌঁছাতে গিয়ে অনেকের পোশাক নষ্ট হচ্ছে।
পাশাপাশি পিচ্ছিল সড়কে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। যাত্রী জাহিদ হোসেন, শামসুন্নাহার ও বেলায়েত হোসেনের অভিযোগ, বাস ধরতে এসে টার্মিনালে প্রবেশ করাই এখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই কাদা-পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে পুরো এলাকা। বৃষ্টি বেশি হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়।
যাত্রী আবু রায়হান বলেন, বাসে ওঠার জন্য টার্মিনালে এসে কাদা-পানি পার হতে হয়। এতে আমাদের খুব কষ্ট হয়। বিশেষ করে পরিবারের সদস্যদের নিয়ে যাতায়াত করলে ভোগান্তি আরও বেড়ে যায়। পথচারী সাইফুল ইসলাম বলেন, টার্মিনালের ভেতর দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। পানি ও কাদার কারণে অনেকটা পথ ঘুরে যেতে হয়। জনসাধারণের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
টার্মিনালে থাকা বিভিন্ন পরিবহন কাউন্টারের কর্মকর্তারাও দীর্ঘদিনের এ সমস্যায় ক্ষোভ প্রকাশ করেছেন। গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজার নাজমুল কবির, ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার বকুল হোসেন, হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার ম্যানেজার কোরবান আলী এবং দেশ ট্রাভেলসের কাউন্টার ম্যানেজার হাসিবুল ইসলাম জানান, বাসটার্মিনালের জলাবদ্ধতা ও কাদার দুর্ভোগ যেন শেষ হওয়ার নয়।
তাদের অভিযোগ, সড়ক ও বাসটার্মিনালের পাশে নির্মিত পানি নিষ্কাশনের ড্রেন টার্মিনালের তুলনায় উঁচু হওয়ায় বৃষ্টির পানি স্বাভাবিকভাবে বের হতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো টার্মিনালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দীর্ঘ সময় পানি জমে থাকায় ভারী যানবাহন চলাচলের ফলে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হচ্ছে। এতে বাস কাউন্টারে পৌঁছানোও যাত্রীদের জন্য কঠিন হয়ে পড়েছে।
কাউন্টার কর্মকর্তারা আরও জানান, সমস্যাটি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। এছাড়া সন্ধ্যার পর আলো স্বল্পতায় যাত্রীদের সমস্যায় পড়তে হয়। কাউন্টার ঘিরে যত্রতত্র দোকানপাট গড়ে ওঠায় বাস চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তারা বলেন, জলাবদ্ধতা নিরসনে নাটোর পৌরসভা থেকে মাঝেমধ্যে কিছু ইট বিছিয়ে সাময়িকভাবে সংস্কারের চেষ্টা করা হলেও তাতে সমস্যার সমাধান হচ্ছে না।
অনেক সময় বাস মালিকদের নিজেদের অর্থায়নেই টার্মিনালের বিভিন্ন অংশ মেরামত করতে হচ্ছে। বিষয়টি জেলা বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতিকেও জানানো হয়েছে। এদিকে টার্মিনাল সংস্কার ও আধুনিকায়নের কাজ আগামী জানুয়ারি মাস থেকে শুরু হতে পারে বলে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে এবং জলাবদ্ধতা নিরসনে কি ধরনের স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
নাটোর বাস, মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি প্রশান্ত কুমার পোদ্দার বলেন, বাসটার্মিনালের জলাবদ্ধতা নিরসনে স্থায়ী সমাধানের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি সাময়িক সংস্কারের জন্য পৌরসভাকে চিঠি দেওয়া হয়েছে। ইতোমধ্যে বাস মালিকরা নিজেদের অর্থায়নে টার্মিনালের সংস্কার কাজ সম্পন্ন করেছেন। এ বিষয়ে বক্তব্য জানতে নাটোর পৌরসভার প্রশাসক শামীম আহমেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে একই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অথচ নাটোর বাসটার্মিনাল দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ যাতায়াত করেন।
বিশেষ করে দূরপাল্লার বাস যাত্রীদের ভোগান্তি আরও বেশি। গুরুত্বপূর্ণ এই স্থাপনায় এমন দুরবস্থা নগর ব্যবস্থাপনা ও জনভোগান্তির চিত্রই উঠে এসেছে। এদিকে ভুক্তভোগী যাত্রী ও স্থানীয়দের দাবি, এটাকে সাময়িক সংস্কার নয়। স্থায়ীভাবে পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পানি নিষ্কাশনের পথ সচল এবং টার্মিনালের সড়ক ও অভ্যন্তরীণ অবকাঠামো সংস্কারের মাধ্যমে দ্রুত স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192515