বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ক্যানসার সচেতনতাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত
ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক ব্যবস্থা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে ‘Cancer Awareness: Knowledge, Prevention and Early Detection’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগ ও সিপিএসডব্লিউও (CPSWO)-এর যৌথ আয়োজনে এবং বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সৌজন্যে ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, অনকোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান এবং মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান প্রফেসর জাফর মো. মাসুদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির অনকোলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) পলাশ সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের, বিভাগীয় প্রধান প্রফেসর ড. বায়তুল মোকাদ্দেসুর রহমান।
সেমিনারের শুরুতে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বিভাগীয় প্রধান প্রফেসর ড. বায়তুল মোকাদ্দেসুর রহমান অতিথিবৃন্দ ও বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ফার্মেসি বিভাগের ল্যাবরেটরি পরিদর্শন করেন।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক সানজিয়া মেহজাবিনের স্বাগত বক্তব্যের মাধ্যমে।
মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক জাফর মো. মাসুদ ক্যানসার সম্পর্কে সচেতনতা, রোগ প্রতিরোধের কৌশল, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং যথাসময়ে চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি তাঁর চিকিৎসা অভিজ্ঞতার আলোকে ক্যানসার-সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি এবং জনসচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রবন্ধ উপস্থাপনা শেষে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেন। মূল বক্তা তাঁদের প্রশ্নের বৈজ্ঞানিক ও চিকিৎসাবিষয়ক ব্যাখ্যা প্রদান করেন।
পরবর্তীতে সম্মানিত অতিথি পলাশ সরকার তাঁর বক্তব্যে সেমিনারের আয়োজন ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশের প্রশংসা করেন। তিনি শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ পেশাগত জীবনে উৎকর্ষ অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মাননা স্মারক হিসেবে পলাশ সরকার মূল বক্তা প্রফেসর জাফর মো. মাসুদ এবং ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান ড. বায়তুল মোকাদ্দেসুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন।
সমাপনী বক্তব্যে ড. বায়তুল মোকাদ্দেসুর রহমান আমন্ত্রিত অতিথি, সহযোগী প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এ ধরনের শিক্ষামূলক আয়োজনের গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও জ্ঞানভিত্তিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192501