বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২১ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় ফল ব্যবসায়ী আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২১ জনের বিরুদ্ধে মামলা বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ৮টায় বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় রেহেনা ফলমন্ডির সামনে এ মানববন্ধনের আয়োজন করেন সেখানকার ব্যবসায়ীরা। ফলমন্ডির সকল ব্যবসায়ীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে হামলার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা শফিকুল ইসলাম আরফানের ওপর হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের নৃশংস হামলা অত্যন্ত নিন্দনীয়। বক্তারা অভিযোগ করেন, শফিকুল ইসলাম আরফানকে হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা চালানো হয়েছিল।
এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তারা আরও বলেন, শফিকুল ইসলাম আরফান কেবল একজন ফল ব্যবসায়ীই নন তিনি একজন সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে জেলা বিএনপির রাজনীতির একজন নেতৃস্থানীয় দলপ্রাণ ব্যক্তি।
বর্তমানে বিএনপি সরকারের সময়ে দলের সাবেক এই সফল ছাত্রনেতার উপর হামলাকারীদের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান তারা। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন ফল ব্যবসায়ী আজমল, রাসেল, লাইজু, আতোয়ার, জিহাদ, হৃদয় ও রনিসহ অন্যান্য ব্যবসায়ীরা।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সকাল ১১টার দিকে ফল ব্যবসায়ী নেতা শফিকুল ইসলাম আরফানের ওপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। এই ঘটনায় আহত আরফান বাদী হয়ে আজ বুধবার (২৫ নভেম্বর) বগুড়া সদর থানায় ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার আলী, সেক্রেটারী আলমগীর হোসেন, উপদেষ্টা লিটন শেখ বাঘা সহ ২১জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের তথ্যটি বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী নিশ্চিত করেছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192484