অডিও ফাঁস:মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

অডিও ফাঁস:মাইগ্রেনের ব্যথা সারাতে যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি

ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কথোপকথনে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে ওই নারী নেত্রীকে নিজের বাসায় যেতে বলেন ওসি। পাশাপাশি মামলা, দুই লাখ টাকা, গ্রেপ্তার ও জামিনসহ বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

ভাইরাল হওয়া অডিওতে ওসি ফয়জুল আজিম নোমানকে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে দ্রুত তার বাংলোতে যাওয়ার পরামর্শ দিতে শোনা যায়। এ সময় তিনি বলেন, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’

ওসির বাসায় গেলে কোনো সমস্যা হবে কি না, নারী নেত্রীর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে তাসকিরা তানিন সনি তাকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করলে ওসি মনঃক্ষুণ্ন হন বলেও অডিওতে শোনা যায়।

ফোনালাপের অন্য অংশে নিজের বিরুদ্ধে হওয়া মামলা, কারাবাস এবং জামিন পেতে দুই লাখ টাকা খরচের বিষয়টি তুলে ধরেন ওই নারী নেত্রী। কারাবাসের কারণে আর্থিক ক্ষতির কথাও জানান তিনি। পাশাপাশি তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তাকে এবং পরিবারের সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

অন্যদিকে ওসি তাকে রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ ও অর্থনৈতিক বিষয়গুলোর বাইরে থেকে চিন্তা করে যোগাযোগ বজায় রাখার কথা বলেন। কথোপকথনে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানানোর পরামর্শ ওসি দিয়েছেন বলে অভিযোগ করেন নারী নেত্রী। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ওসি।

জানা গেছে, গত ১০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা-পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অডিও ভাইরাল হওয়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তোলেন তাসকিরা তানিন সনি। তার দাবি, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গন করার অনুরোধ জানিয়েছেন। এসব ঘটনার প্রতিকারও দাবি করেন তিনি।

তবে নারী নেত্রীর তোলা অভিযোগগুলো অস্বীকার করেছেন ওসি ফয়জুল আজিম নোমান। ফোনালাপে নিজের কণ্ঠস্বর ও কথোপকথনের বিষয়টি স্বীকার করলেও তার দাবি, আসামিকে গ্রেপ্তারের ক্ষেত্রে তিনি ভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, আদালতের নির্দেশে ওসিকে প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বক্তব্য জানতে ফেনীর পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192466