৩ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

৩ উইকেটে ১০৯ রান নিয়ে লাঞ্চে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়ন টেস্টে প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই অলআউট হয়েছিল। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের চেষ্টা করছে বাংলাদেশ। ৩ উইকেটে ১০৯ রান নিয়ে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে গেছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ১২ আর তাওহীদ হৃদয় ২৩ রানে অপরাজিত আছেন।  

শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু ইনিংস বড় করতে পারলেন না। আরও একবার নিজের ভুলে উইকেট হারালেন তানজিদ হাসান তামিম। ‍উইয়ান মুল্ডারের বাইরের বলে শট খেলে উইকেটরক্ষকের গ্লাভসে বন্দী হলেন এই ওপেনার।

২৯ রান করে ফেরেন তামিম। ৫৮ রানে ভাঙে ওপেনিং জুটি। এরপর মুমিনুল হকও (০) উইকেটে দাঁড়াতে পারেননি। মুল্ডারেরই লেগ সাইডে বেরিয়ে যেতে থাকা বলে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষককে ক্যাচ দেন। 

আত্মবিশ্বাসের সঙ্গে খেলছিলেন মাহফিজুল রবিন। কিন্তু তাকেও ফিরতে হয় নিজের একটি ভুলে। মার্কো ইয়ানসেনের নিচু হয়ে যাওয়া বল ছেড়ে দিতে চেয়েছিলেন। কিন্তু সেটি সরাসরি আঘাত হানে তার প্যাডে। আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও কাজ হয়নি। ৩৮ রানে থামেন মাহফিজুল। ৭৮ রানে ৩ উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

সেঞ্চুরিয়ন টেস্টে আগের দিনই ৪০৩ রানের বড় লিড নিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিনের সকালটা কাজে লাগাতে আর ব্যাটিংয়ে নামেনি প্রোটিয়ারা। ৭ উইকেটে ৪৯৪ রান নিয়ে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192452