গাজীপুরে ৫০ পোশাক কারখানায় সাধারণ ছুটি, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৩৫টি
গাজীপুরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের বিক্ষোভ করার পর ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ৩৫টি কারখানা।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারী।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলা বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোগড়া বাইপাস, নাওজোড়, সালনাসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা।
গণমাধ্যমকে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৫০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আর অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে ৩৫টি কারখানা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে ভোগড়া বাইপাস, বোর্ডবাজারের সাইনবোর্ড, নাওজোড় এবং ভাওয়াল মির্জাপুর-মাস্টারবাড়ি এলাকায় শ্রমিকেরা সড়ক ও মহাসড়কে অবস্থান নেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192451