টুঙ্গিপাড়ায় একযোগে বিএনপির ৬ নেতার পদত্যাগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপির বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট নয় দাবি করে ইউনিয়ন বিএনপির ছয় নেতা একযোগে পদত্যাগ করেছেন।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় গিমাডাঙ্গা নতুন বাজারে বোরহানের দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতা।
পদত্যাগকারী নেতারা হলেন- ইউনিয়ন বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শাহানুর শেখ, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সদস্য মো. আফজাল শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ এবং সদস্য মোহাম্মদ জামাল মোল্লা।
লিখিত বক্তব্যে তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাটগাতী ইউনিয়ন শাখার বর্তমান কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সন্তুষ্ট না হওয়ায় আমরা ৬ জন স্বেচ্ছায় নিজ নিজ পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
তারা আরও বলেন, পদত্যাগের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। এ বিষয়ে কারো কোনো চাপ, প্ররোচণা কিংবা প্রভাব নেই। একই সঙ্গে ভবিষ্যতে বিএনপি কিংবা দলটির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত না থাকার সিদ্ধান্ত নিয়েছি আমরা।
এবিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান বলেন, তারা পদত্যাগ করেছে বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে দেখছি বিষয়টি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192444