রোনালদোর ৯৮৭তম গোল, জয় আল নাসরের
স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগে প্রথমবারের মতো টানা দুটি পেনাল্টিতে গোলের সুযোগ হাতছাড়া করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের হয়ে তিনি তৃতীয়বার পেনাল্টিতে সফল হয়েছেন। তার দলও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটে কাতারের ক্লাব আল সাদকে ২-১ গোলে হারিয়েছে।
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী ৪১ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড পেশাদার ক্যারিয়ারে এ নিয়ে করলেন ৯৮৭তম গোল। নিজের বেঁধে দেওয়া হাজারতম গোল থেকে তিনি আর ১৩টি গোল দূরে অবস্থান করছেন। চলতি মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে ১১টি গোল হয়েছে রোনালদোর।
আল সাদের বিপক্ষে ম্যাচের ১১ মিনিটে স্পটকিকে সিআরসেভেনের দেওয়া গোলে লিড পায় আল নাসর। এটি পেনাল্টিতে তার ক্যারিয়ারের ১৯৫তম (সবমিলিয়ে সর্বোচ্চ) গোল। স্পটকিকেও সর্বাধিক মিসের রেকর্ডটিও রোনালদোর দখলে, পেনাল্টিতে তিনি ৪০ বার গোলের সুযোগ মিস করেছেন। অন্যদিকে, তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি পেনাল্টিতে ১২৬ গোল করেছেন এবং মিস করেছেন ৩৭টি।
এদিকে, পিছিয়ে পড়ার ১০ মিনিটের ব্যবধানে আল সাদকে সমতায় ফেরান মোহাম্মেদ ওয়াদ। বিরতির আগে রোনালদো নিজের দ্বিতীয় গোল পেয়েছিলেন, তবে ভিএআরে সেটিকে অফসাইড হিসেবে সাব্যস্ত করে। প্রথমার্ধের স্টপেজ টাইমে লাল কার্ড দেখেন আল সাদকে সমতায় ফেরানো ওয়াদ। ফলে বাকি সময়ে দলটি ১০ জন নিয়ে খেলে। ৫২ মিনিটে জোয়াও ফেলিক্সের গোলে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে আল নাসর।
এই জয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের ওয়েস্টার্ন লিগ তালিকায় আল নাসর পঞ্চম স্থানে উঠে এসেছে। ১৬টি করে দল নিয়ে গঠিত দুটি লিগের শীর্ষ আটটি দল রাউন্ড অব ১৬-এ খেলার যোগ্যতা অর্জন করবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192417