দুই দফা বৃদ্ধির পর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল সোনার দাম

দুই দফা বৃদ্ধির পর ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমল সোনার দাম

টানা দুই দফা বৃদ্ধির পর দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা। এতে করে ভালো মানের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৬ হাজার টাকায় নেমেছে।

আজ বুধবার ( ২৫ নভেম্বর) সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। মঙ্গলবার এ দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৮ হাজার ২৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৯২৫ টাকা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192407