বিদেশি কূটনীতিকদের কী বার্তা দিল সরকার?

বিদেশি কূটনীতিকদের কী বার্তা দিল সরকার?

দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে সরকার। একই সঙ্গে বিদেশে অবস্থানরত দলটির নেতাদের বিভিন্ন দেশে অস্থিরতা সৃষ্টি ও অর্থ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের দেশে ফিরিয়ে আনতে কূটনীতিকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের এক ব্রিফিংয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে সরকারের বক্তব্য তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ব্রিফিংয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পরিবর্তন, নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণ এবং অর্থনীতিসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সরকারের উদ্যোগের কথা তুলে ধরা হয়। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এবং সহিংসতার বিবরণ দেন প্রতিমন্ত্রী।

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনেও আওয়ামী লীগ ও দলটির নেতা-কর্মীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে বলে অভিযোগ করে সরকার। এ ছাড়া সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সরকারের অবস্থান ও এ বিষয়ে নেওয়া পরিকল্পনার কথাও কূটনীতিকদের জানানো হয়।

ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপান ও রাশিয়াসহ ৫০টির বেশি দেশের মিশনপ্রধান এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সকাল ৯টায় শুরু হওয়া ব্রিফিং চলে প্রায় ২০ থেকে ২৫ মিনিট।

এ সময় হুমায়ুন কবির লিখিত বক্তব্য পাঠ করেন। পরে কূটনৈতিক কোরের ডিন ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান তাঁর মূল্যায়ন তুলে ধরেন। তবে ব্রিফিংয়ে উপস্থিত বিদেশি কূটনীতিকদের কেউ কোনো প্রশ্ন করেননি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192400