আমরা চাই বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড় করাতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী নওশেরীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করছেন। মন্ত্রিপরিষদের সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন। শুক্রবার ও শনিবারও নির্বাচনী এলাকায় গিয়ে কাজ করতে হয়। সরকারি কর্মকর্তাদের সপ্তাহে দুই দিন ছুটি থাকলেও মন্ত্রীদের কোনো শুক্রবার বা শনিবার নেই। এভাবেই তারা দিনরাত কাজ করছেন।
আহমেদ আযম খান বলেন, অত্যন্ত শূন্য হাতে সরকার গঠন করতে হয়েছে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায়ের সময় দেশের অর্থনৈতিক অবস্থা এমন পর্যায়ে ছিল যে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিতেও প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতি ও ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছেন। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড কার্যক্রম চালু করা হয়েছে।
দেশের অর্থনীতি ও উন্নয়ন বাধাগ্রস্ত হয়, এমন নাশকতামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, সন্তান, ভাই, আত্মীয়স্বজন কিংবা পরিজন কেউ যেন ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। সরকার একটি সুন্দর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এ জন্য শুধু সরকারের প্রচেষ্টা যথেষ্ট নয়, প্রয়োজন পুরো জাতির ঐক্য।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান মিয়ার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিয়ান মুনসীফ, সখীপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম মামুনুর রশীদ, বাসাইল থানার ওসি আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192393