জয়পুরহাটে রাতের আঁধারে ১২ কৃষকের ১০ বিঘা শিমগাছ কেটে দিলো দুর্বৃত্তরা
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট সদর উপজেলার বম্বু ইউনিয়নের সতিঘাটা গ্রামে রাতের আঁধারে ১২ জন কৃষকের প্রায় ১০ বিঘা জমির শিমগাছের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা; নষ্ট হয়ে গেছে প্রায় ১৫ লাখ টাকার শিম বিক্রির স্বপ্ন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, ঋণ ও ধারদেনা করে উন্নত জাতের হাইব্রিড শিমের বীজ সংগ্রহ করে আগাম চাষ করেছিলেন তারা। দীর্ঘদিন ধরে শ্রম ও অর্থ ব্যয় করে খেতের পরিচর্যা চালিয়ে আসছিলেন। ইতোমধ্যে গাছে ফলনও আসতে শুরু করেছিল; আর মাত্র দুই সপ্তাহ পর এসব শিম বাজারে বিক্রির কথা ছিল।
কিন্তু রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খেতের শিমগাছগুলোর গোড়া কেটে দেয়। সকালে জমিতে গিয়ে কাটা গাছ ও বিনষ্ট ফসল দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষকরা। মুহূর্তেই শেষ হয়ে যায় তাদের দীর্ঘদিনের পরিশ্রম ও সঞ্চয়।
ক্ষতিগ্রস্ত কৃষক আফসের আলী আক্ষেপ করে বলেন, মহাজন ও সমিতি থেকে চড়া সুদে ঋণ নিয়ে শিম চাষ করেছিলাম। ভেবেছিলাম আর কয়দিন পর শিম বেচে দেনা শোধ করব। কিন্তু রাতের অন্ধকারে কে বা কারা সব গাছ কেটে শেষ করে দিলো। এখন পরিবার নিয়ে কীভাবে চলব, ঋণই বা কীভাবে শোধ করবো ভেবে পাচ্ছি না।
আরেক ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান বলেন, সকালবেলা খেতে গিয়ে দেখি একের পর এক শিমগাছের গোড়া কাটা। গাছে কচি শিম ধরেছিল। চোখের সামনে সারা জীবনের কষ্ট এভাবে মাটিতে মিশে গেল। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
কৃষক সুলতান হোসেন বলেন, আগাম শিম হওয়ায় বাজারে ভালো দাম পাওয়ার আশায় ছিলাম। রাতদিন খেতে শ্রম দিয়েছি। এমন নির্মমভাবে ফসল নষ্ট করায় আমরা নিঃস্ব হয়ে গেছি। প্রশাসনের কাছে আমাদের দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক এবং আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।
ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ বলেন, আমাদের কারও সঙ্গে বড় কোনো শত্রুতা ছিল না। তারপরও কেন এভাবে পেটে লাথি মারা হলো, বুঝতে পারছি না। ফসল হারিয়ে আমরা এখন দিশেহারা।
এ বিষয়ে জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ও কারিগরি ব্যবস্থাসহ তাদের পাশে দাঁড়ানো হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192390