‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বানিয়ে তোলপাড় সৃষ্টি করা আলোচিত আ’লীগ নেতা শ্যামল গ্রেফতার
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ১০০ বিঘা জমিতে ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’ বানিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা আলোচিত আওয়ামী লীগ নেতা, বিশিষ্ট শিল্পপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য কে. এস. এম. মোস্তাফিজুর রহমান শ্যামলকে রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সৈয়দ জামান খন্দকার এবং মায়ের নাম মোমেনা বেগম। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাকে গ্রেফতার করে।
তিনি পেশায় একজন কৃষি-শিল্পোদ্যোক্তা ও ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ এবং ওয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া তিনি বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতিসহ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই-এর সাধারণ পরিষদের সদস্য হিসেবে যুক্ত ছিলেন।
রাজনৈতিকভাবে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
২০২১ সালে বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রামে ১০০ বিঘা জমিতে সবুজ ও বেগুনি ধানের চারা দিয়ে শেখ মুজিবুর রহমানের বিশালাকার প্রতিকৃতি রূপায়ণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান মোস্তাফিজুর রহমান শ্যামল।
এই মেগা প্রজেক্টটি তার মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপ’-এর অর্থায়নে এবং তৎকালীন আওয়ামী লীগ নেতা আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে বাস্তবায়িত হয়েছিল, যা দেশজুড়ে প্রচণ্ড আলোচনার সৃষ্টি করে। মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে স্পেসিফিক গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশের অভিযোগের মধ্যে রয়েছে নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশব্যাপী চলমান বিভিন্ন নাশকতামূলক কর্মসূচিতে মোস্তাফিজুর রহমান শ্যামল অর্থায়ন করছিলেন বলে পুলিশের প্রতিবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই-সংক্রান্ত তিনটি ফৌজদারি মামলা রয়েছে।
তার প্রতিষ্ঠান ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, বিদেশে ঘোষণাবহির্ভূত সম্পদ অর্জন, হুন্ডির মাধ্যমে অর্থ স্থানান্তর এবং চীন থেকে অবৈধ উপায়ে অর্থায়ন গ্রহণের একাধিক গুরুতর অভিযোগ এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গ্রেফতারের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192371