রিয়াদ রুটের বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

রিয়াদ রুটের বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। এসব রুটের ফ্লাইট পরিচালনায় পূর্বঘোষিত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আনা হয়নি।

 

এ অবস্থায় রিয়াদগামী যাত্রীরা আসন খালি থাকা সাপেক্ষে বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192366