ময়মনসিংহের গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ময়মনসিংহের গৌরীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, আটক ১

ময়মনসিংহের গৌরীপুরে শাহীন মিয়া (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশপাশের লোকজন ছুটে এসে দেলোয়ার হোসেন দিলু (৩০) নামে এক যুবককে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বলুহা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহীন মিয়া বলুহা গ্রামের সিরাজুল ইসলাম জিন্নাতের ছেলে।

আটক দেলোয়ার হোসেন দিলু একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী মাজেদা জানান, শাহীন গাছ থেকে সুপারি পেড়ে তার বাড়ির সামনে আসতেই দক্ষিণ দিক থেকে দেলোয়ার এসে হাতে থাকা লোহার রড দিয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় শাহীন চিৎকার করলে দেলোয়ার ধারালো ছুরি দিয়ে তার বুকে আঘাত করেন। এতে তার বুক থেকে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। পরে আমি নিজের ওড়না দিয়ে শাহীনের বুকের ক্ষতস্থান বেঁধে চিৎকার শুরু করেন। এ সময় চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেলোয়ারকে ধাওয়া করেন। তবে এরই মধ্যে ঘটনাস্থলেই শাহীনের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা আনিছুল হক জানান, শাহীনের চিৎকার শুনে তিনি এগিয়ে গেলে দেলোয়ার হাতে ছুরি নিয়ে তাকেও তাড়া করেন। এতে ভয়ে তিনি নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়েন।

আরেক স্থানীয় বাসিন্দা ফারুক আহমেদ অভিযোগ করেন, দেলোয়ার দীর্ঘদিন ধরে অস্বাভাবিক আচরণ করেন এবং সবসময় তার কাছে ধারালো অস্ত্র থাকে। বিষয়টি দেলোয়ারের পরিবারকে জানানো হলেও তারা কোনো মনোযোগ দেননি। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে ওই যুবককে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার হোসেন দিলুকে আটক করে।

পুলিশ জানিয়েছে, কী কারণে শাহীনকে ছুরিকাঘাত করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের ধারণা, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। গণপিটুনির শিকার হওয়ার পর আটক দেলোয়ার মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এ কারণে তাকে এখনো জিজ্ঞাসাবাদ করতে পারছে না পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, এ ঘটনায় জড়িত দেলোয়ার হোসেন দিলুকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192358