মাছে উদ্বৃত্ত বগুড়ার বাজারে অবাধে বিক্রি হচ্ছে ছোট আকারের মাছ
স্টাফ রিপোর্টার : বিগত কয়েক বছর ধরেই বগুড়ায় মাছের উৎপাদন চাহিদার তুলনায় বেশি। পুকুর, দিঘি ও খামারে মাছ চাষে সমৃদ্ধ জেলা বগুড়া। এই উৎপাদন সাফল্যের আড়ালেই রয়েছে উদ্বেগ। নদী-খাল-বিল-জলাশয়ে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার অভিযোগ দীর্ঘদিনের।
এছাড়াও বাজারে বিক্রি হচ্ছে রুই-কাতলাসহ নানা প্রজাতির ছোট আকারের মাছ। অথচ মাছের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় রয়েছে আইন, রয়েছে নিষেধাজ্ঞা। কিন্তু সেসব বিধি-নিষেধের বাস্তব প্রয়োগ নিয়ে রয়েছে প্রশ্ন। তবে জেলা মৎস্য অধিদপ্তর বলছে, জনবল সংকটসহ নানা কারণে চাইলেও সব আইন প্রয়োগ করা সম্ভব হচ্ছে না।
বগুড়া জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বগুড়ায় মাছ উৎপাদিত হয়েছে ১ লাখ ৮ হাজার ৬৪৮ মেট্রিকটন। এর বিপরীতে জেলার বার্ষিক চাহিদা প্রায় ৮৪ হাজার ৫০৫ মেট্রিকটন। অর্থাৎ চাহিদার তুলনায় উৎপাদন বেশি প্রায় ২৪ হাজার ১৪৩ মেট্রিকটন। মাছ উৎপাদনে উদ্বৃত্ত এই জেলায় একদিকে যেমন চাষের মাছের প্রাচুর্য, অন্যদিকে প্রাকৃতিক জলাশয়ের মাছের সুরক্ষা নিয়ে রয়েছে উদ্বেগ।
সরেজমিনে বগুড়া জেলা শহরের বিভিন্ন বাজারে-রুই, কাতলা, মৃগেল, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির ছোট আকারের মাছ বিক্রি হতে দেখা যায়। অথচ মৌসুমভেদে এসব মাছের বেশিরভাগের আকার ৯ ইঞ্চির নিচে বিক্রি আইনত নিষিদ্ধ। তবে বছরজুড়ে বাজারগুলোতে অবাধেই এসব মাছ বিক্রি হতে দেখা যায়।
বিক্রেতারা জানান, আড়ৎ থেকে তারা যে মাছ পান, তা-ই বিক্রি করেন। কোন প্রজাতির মাছের কী ন্যূনতম আকার নির্ধারিত, সে বিষয়ে তাদের স্পষ্ট ধারণা নেই। প্রচার-প্রচারণ বা আইন সম্পর্কে জানা থাকলে তারাও তা মানার চেষ্টা করবেন বলে দাবি করেন।
জেলেসহ অপেশাজীবী মাছ ধরার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বলছেন, নদীতে বড় মাছের পরিমাণ আগের তুলনায় কমেছে। ছোট ফাঁসের জালে মাছ বেশি ধরা পড়ে বলে কিছু জেলে সেসব জাল ব্যবহার করেন। তাদের কেউ কেউ জীবিকার তাগিদকে এর কারণ হিসেবে উল্লেখ করেন।
আবার নিষিদ্ধ জাল বাজারে সহজলভ্য থাকায় শুধু জেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে সমস্যার সমাধান হবে না বলেও তাদের মত। পাশাপাশি কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বৈদ্যুতিক শক দিয়েও মাছ ধরার প্রবণতা আগের তুলনায় বেড়েছে বলে দাবি তাদের।
অথচ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা, ১৯৮৫-এ নিষিদ্ধ জাল ও মাছ ধরার পদ্ধতি সম্পর্কে বিধি-নিষেধ রয়েছে। মনোফিলামেন্ট নাইলনের কারেন্ট জাল তৈরি, আমদানি, বাজারজাত, মজুদ, বহন ও ব্যবহার নিষিদ্ধ। এছাড়া নির্দিষ্ট সময় ও শর্তে সূক্ষ্ম ফাঁসের কয়েক ধরনের জাল ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।
বিদ্যুৎ, বিষ ও বিস্ফোরক দিয়ে মাছ নিধনও দণ্ডনীয় অপরাধ। তবে বাজারে ছোট মাছ বিক্রি হলেই তা আইনত নিষিদ্ধ—এমন নয়। প্রজাতি, দৈর্ঘ্য, মৌসুম ও জলাশয়ভেদে বিধিনিষেধ আলাদা হলেও বছর জুড়েই ৯ ইঞ্চির ছোট আকারের মাছ বিভিন্ন হাট ও বাজারে অবাধে বিক্রি হতে দেখা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান বলেন, নির্বিচারে পোনা ও প্রজননক্ষম হওয়ার আগেই ছোট মাছ আহরণ চলতে থাকলে প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবিস্তার বাধাগ্রস্ত হবে। এতে কমে যেতে পারে দেশীয় প্রজাতির মাছের বৈচিত্র্য। এতে দীর্ঘ মেয়াদে মাছের উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
এজন্য তারা প্রতিটি উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। জনবল সংকটের কথা উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা প্রয়োজন হয়।
এছাড়াও তাদের নিজস্ব লোকবলের সংকটের কারণে সচেতনতামূলক কর্মসূচিও সঠিক সময়ে বাস্তবায়ন করা যায় না। তারপরেও লোকবল সংকটসহ লজিস্টিক নানা সীমাবদ্ধতার মধ্যেই তারা এসব বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192348