সিলেটে ২০ হাজার নেতাকর্মী নিয়ে মন্ত্রী আরিফের বিক্ষোভ মিছিল

সিলেটে ২০ হাজার নেতাকর্মী নিয়ে মন্ত্রী আরিফের বিক্ষোভ মিছিল

সিলেটে এক মিছিলেই বড় জমায়েতের চমক দেখালেন শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তার নেতৃত্বে প্রায় ২০ হাজার নেতাকর্মী নিয়ে নৈরাজ্যবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে রওয়ানা হন তিনি।

এ সময় নগরজুড়ে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। 

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে থাকেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সেখানে উপস্থিত হলে তার নেতৃত্বে নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠের উদ্দেশে যাত্রা শুরু করেন। 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

এতে অংশ নিতে নগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হন। 

মিছিলটি নগরের চৌহাট্রা পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে রেজিস্ট্রারি মাঠে গিয়ে সমাবেত হয়।

এ সময় সড়কের দুই পাশে থাকা নগরবাসীর অনেকে হাত নেড়ে মন্ত্রীকে সমর্থন জানাতে দেখা যায়। 

মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও বিক্ষোভ মিছিলে শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির, সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আব্দুল মালিক এবং কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক। 

এছাড়াও জেলা ও মহানগর পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী এবং সাংগঠনিক সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় নেতারা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা দেশের চলমান পরিস্থিতি ও কথিত নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। পরে মিছিলটি রেজিস্ট্রারি মাঠের সমাবেশে গিয়ে মিলিত হয়। 

এর আগে গত ২২ নভেম্বর এ কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। নগরের জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192347