জয়পুরহাটে বৃষ্টি থামলেও সাড়েনি ফসলের ক্ষত
জয়পুরহাট প্রতিনিধি: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়া ও তিন দিনের টানা বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হওয়ার শঙ্কায় পড়েছেন উত্তরের কৃষিনির্ভর জেলা জয়পুরহাটের কৃষকেরা। মাঠে থাকা আমন ধান এবং সদ্য রোপণ করা আলুক্ষেত নিয়ে কৃষকদের মাঝে দেখা দিয়েছে দুশ্চিন্তা।
ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে শুরু হওয়া টানা তিন দিনের মাঝারি ও ভারি বৃষ্টিপাতের পর বৃষ্টি থামলেও সারেনি বিভিন্ন ফসলের মাঠের ক্ষত।
ফসল রক্ষায় শ্রমিকের সংকট দেখা দেওয়ায় কৃষকগণ নিজেরাই কাজ করছেন মাঠে। জেলার কালাই, ক্ষেতলাল ও পাঁচবিবি উপজেলার বিভিন্ন ফসলের মাঠে ধান ও আলুক্ষেত সরেজমিনে গিয়ে দেখা যায়, গত শুক্রবার বিকেল থেকে ঘুর্ণিঝড় আকভানের প্রভাবে জয়পুরহাটের পাঁচ উপজেলায়ও বৃষ্টিপাত হয়।
টানা তিন দিনের বৃষ্টিপাতের কারণে বিভিন্ন এলাকার আলু, সবজি ও ধানের জমিতে পানি জমতে শুরু করে। এতে জমিতে কেটে রাখা ধান ও সদস্য রোপণ করা আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় আছেন কৃষকেরা। শ্রমিক সংকটের কারণে অনেক কৃষক নিজেই পরিবারের স্ত্রী সন্তান নিয়ে ফসল রক্ষায় মাঠে পানি সেচ দিচ্ছেন ও পরিচর্যার কাজ করছেন।
কৃষকেরা বলছেন, প্রতিকূল আবহাওয়ায় জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। অতিরিক্ত বৃষ্টিতে আলুর বীজ পচে যাওয়া এবং আমন ধানের ক্ষতির আশঙ্কা করছেন তারা। একদিকে উৎপাদন খরচ, অন্যদিকে আবহাওয়ার বিরূপ প্রভাব সব মিলিয়ে ফসলের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
জয়পুরহাট জেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, চলতি মৌসুমে প্রায় ৭০ হাজার ১১০ হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এরমধ্যে প্রায় ৪ হাজার হেক্টর জমির কাটা ধান ঘুর্ণিঝড়ের কারণে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় ৩৮ হাজার ৪০০ হেক্টর জমিতে আলুর বীজ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও কিছু মাঠে রোপণ করা হয়েছে আগাম জাতের আলু।
জেলার গোড়না গ্রামের কৃষক সাইদুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার দেড় বিঘা জমিতে আলুর বীজ রোপণ করেছেন তিনি। শুক্রবার বিকেল থেকে টানা তিন দিনের বৃষ্টিপাতে জমিতে পানি জমেছে। এতে সদ্য রোপন করা আলুর বীজ পঁচে যাবে কি না তা নিয়ে সংশয়ে আছেন তিনি। এছাড়া মাঠে আমন ধান কেটে জমিতে ফেলে রেখেছেন। শ্রমিক না পেয়ে জমি থেকে ধান ঘরে তুলতে পারেননি। বাধ্য হয়ে নিজেই জমিতে পানি নিষ্কাশনের কাজ করছেন।
জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনজু আলম সরকার বলেন, ঘুর্ণিঝড় আকভানের কারনে এই মুহুর্তে জেলার বিভিন্ন মাঠে কিছু আগাম জাতের আলু ও রোপণ করা বীজআলুর ক্ষেত এবং ধান ও সরিষা আক্রান্ত হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন মাঠ পরিদর্শন করে কৃষকদের দ্রুত অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের পরামর্শ প্রদানের পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192336