সন্তান নেওয়ার সামর্থ্য নেই থাই দম্পতিদের

সন্তান নেওয়ার সামর্থ্য নেই থাই দম্পতিদের

আন্তর্জাতিক ডেস্ক : সোনালি সমুদ্রসৈকত ও সস্তা পানীয়ের জন্য দীর্ঘদিন ধরেই পর্যটকদের কাছে জনপ্রিয় থাইল্যান্ড। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে নতুন ধরনের পর্যটকের আনাগোনা বেড়েছে। সন্তান নিতে আগ্রহী বিশ্বের বিভিন্ন দেশের দম্পতিরা কম খরচে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাচ্ছেন। দেশটিতে প্রজনন চিকিৎসার ব্যবসা বাড়লেও স্থানীয়ভাবে জন্মহার কমে যাচ্ছে আশঙ্কাজনক হারে।

২০২৫ সালে ৬ কোটি ৬০ লাখ মানুষের দেশ থাইল্যান্ডে মাত্র ৪ লাখ ১৭ হাজার শিশুর জন্ম হয়েছে। গত ৭৫ বছরের মধ্যে এ সংখ্যা সবচেয়ে কম। ২০২৪ সালের তুলনায় জন্মহার কমেছে ১০ শতাংশ। চলতি বছরেও জন্মসংখ্যা আরও কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

থাইল্যান্ডের মোট প্রজনন হার (টিএফআর) নিয়ে বিভিন্ন হিসাব থাকলেও সবগুলোই উদ্বেগজনক। ব্যাংককের কাছে মাহিদোল বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যাবিদদের হিসাবে, দেশটির বর্তমান প্রজনন হার ০ দশমিক ৮৬। অর্থাৎ একজন নারী তার জীবদ্দশায় গড়ে একটিরও কম সন্তান জন্ম দিচ্ছেন।

জনসংখ্যার স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে একজন নারীর গড়ে ২ দশমিক ১টি সন্তান জন্ম দেওয়া প্রয়োজন। থাইল্যান্ডের বর্তমান হার সেই মাত্রার অর্ধেকেরও কম। এমনকি ২০২৫ সালের জন্য জাতিসংঘের দেওয়া ১ দশমিক ২ প্রক্ষেপণের চেয়েও কম।

জনসংখ্যা সংকটে থাকা এশিয়ার দুই দেশ চীন ও জাপানের তুলনায়ও থাইল্যান্ডের প্রজনন হার কম। চীনে সর্বশেষ নির্ভরযোগ্য হিসাবে এ হার ১ এবং জাপানে ১ দশমিক ১। তবে তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার প্রজনন হার আরও কম।

আয় বাড়ার আগেই বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা

থাইল্যান্ডের জন্মহার কমে যাওয়ার গতি বিশেষভাবে উদ্বেগজনক। ১৯৭০ সালে দেশটির একজন নারী গড়ে পাঁচটির বেশি সন্তান জন্ম দিতেন। সে সময় দক্ষিণ কোরিয়ায় এ হার ছিল ৪ দশমিক ৫ এবং জাপানে প্রায় ২।

সাধারণত কোনো দেশের অর্থনৈতিক উন্নতি হলে মানুষের সন্তান নেওয়ার প্রবণতা কমে। কিন্তু থাইল্যান্ডে আয় তুলনামূলক কম থাকতেই প্রজনন হার অত্যন্ত নিচে নেমে এসেছে।

২০২৫ সালে থাইল্যান্ডের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) ছিল ৮ হাজার ১০০ ডলার। জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিলেও এ আয় জাপান ও দক্ষিণ কোরিয়ার অর্ধেকের কম।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে থাইল্যান্ডই একমাত্র দেশ, যেখানে জনসংখ্যা ইতিমধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। চীনের মতো থাইল্যান্ডও এমন এক সমস্যার মুখে পড়েছে, যেখানে অর্থনৈতিকভাবে ধনী হওয়ার আগেই জনসংখ্যা বয়স্ক হয়ে যাচ্ছে।

সন্তান নিতে চান, কিন্তু খরচের চাপে পিছিয়ে যাচ্ছেন

বিশ্বজুড়ে জন্মহার কমে যাওয়ার পেছনে যেসব কারণ কাজ করছে, থাইল্যান্ডেও সেগুলোর প্রভাব রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষার বিস্তার ও নগরায়ণের ফলে মানুষের কাজের ধরন এবং নারীদের ভূমিকা বদলে গেছে। দেশটির প্রায় ৬০ শতাংশ নারী আনুষ্ঠানিক কর্মসংস্থানে যুক্ত।

জাতীয় পরিকল্পনা সংস্থার তথ্য অনুযায়ী, সন্তান জন্মদানের বয়সী অবিবাহিত থাই নাগরিকের হার ২০১৭ সালে ছিল ৩৫ দশমিক ৭ শতাংশ। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৪০ দশমিক ৫ শতাংশে।

তবে এসব পরিবর্তনের পরও বেশির ভাগ থাই নাগরিক সন্তান নিতে চান বলে জানিয়েছেন মাহিদোল বিশ্ববিদ্যালয়ের মানাসিগান কানচানাচিত্রা। চলতি বছর জাতিসংঘের এক জরিপে দেখা গেছে, থাই নাগরিকেরা গড়ে প্রায় দুটি সন্তান চান।

কিন্তু সন্তান লালন-পালনের খরচই তাদের জন্য বড় বাধা। মানুষের আয় বাড়ার সঙ্গে সঙ্গে সন্তানদের নিয়ে প্রত্যাশাও বেড়েছে। মানাসিগানের মতে, অনেক অভিভাবক মনে করেন, সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে ব্যয়বহুল বেসরকারি স্কুলে পড়ানো জরুরি।

এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবারের প্রতি দায়িত্ব পালনের চাপ। থাইল্যান্ডে তরুণদের কাছ থেকে প্রত্যাশা করা হয়, তারা নিজেদের মা-বাবার দেখাশোনা করবেন।

গত সেপ্টেম্বরে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, ২০৩৩ সালের মধ্যে থাইল্যান্ড ‘সুপার-এজড’ বা অতি-বয়স্ক জনগোষ্ঠীর দেশে পরিণত হবে। তখন দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশের বেশি মানুষের বয়স হবে ৬৫ বছরের ওপরে।

জন্মহার বাড়াতে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর

চলতি বছরের নির্বাচনে থাইল্যান্ডের বড় রাজনৈতিক দলগুলো জন্মহার কমে যাওয়ার সমস্যা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছে। নবজাতকদের জন্য আরও বেশি নগদ সহায়তা দেওয়ার মতো প্রস্তাবও ছিল তাদের কর্মসূচিতে।

তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এ ধরনের আর্থিক সহায়তা কর্মসূচি জন্মহার বাড়াতে খুব বেশি কার্যকর হয় না।

এ ছাড়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য সরকারের ধারাবাহিকতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রয়োজন। থাইল্যান্ডের রাজনীতিতে যা প্রায়ই অনুপস্থিত। গত পাঁচ বছরে দেশটিতে চারজন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। সংখ্যাটি প্রায় যুক্তরাজ্যের সমান।

ফলে জন্মহার কমে যাওয়ার সমস্যা মোকাবিলায় রাজনৈতিক প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন কতটা সম্ভব হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সূত্র: দ্য ইকোনমিস্ট

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192326