রংপুর বিভাগের কয়েকটি জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত
রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের-রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী ও পঞ্চগড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়। হঠাৎ ভূমিকম্পে অনেকের ঘুম ভেঙে যায়। আতঙ্কিত হয়ে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে বাইরে বেরিয়ে আসেন।
রংপুর নগরীর শালবন এলাকার গৃহবধু সম্পা হোসেন জানান, সকাল ৭টা ৩৪ মিনিটের দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তিনি ভূমিকম্পের কম্পন অনুভব করেন। আতঙ্কে তিনি ঘর থেকে বের হয়ে আসেন। এসময় আশপাশের অনেক মানুষকেও আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।
একই অভিজ্ঞতার কথা জানান রংপুর নগরীর কলেজ ছাত্রী তাবাসুম মৌনী। তিনি বলেন, সকালে প্রাইভেটে যাবার সময় হঠাৎ করেই ভূমিকম্প অনুভূত হয়। ঝাঁকুনি তুলনামূলক কম হওয়ায় প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে দেখি সড়কের লাইট পোস্টের তারগুলো নড়ছে। আতঙ্কে তিনি একটি ফাঁকা জায়গায় গিয়ে আশ্র নেন। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এসময় আশপাশের অনেককেই আতঙ্কে ঘর ছেড়ে বাইরে অবস্থান করতে দেখা যায়।
রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ (চলতি দায়িত্ব) কামরুল হাসান জানান, বাংলাদেশ সময় সকাল ৭টা ৩২ মিনিট ৪৭ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল নেপাল এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি মৃদুভাবে অনুভূত হয়েছে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192295