রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক

রায়পুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিসংযোগের পর পালিয়ে যাওয়ার সময় ইমন হোসেন নামে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ধাওয়া করে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
 
গতকাল সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার মণ্ডলতলী বাজারসংলগ্ন গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখায় এ ঘটনা ঘটে। আটক ইমন হোসেন উপজেলার কেরোয়া ইউনিয়নের লুধুয়া গ্রামের খোকা আমিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
 
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার রাতে কয়েকজন দুর্বৃত্ত গ্রামীণ ব্যাংকের ওই শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের ফটকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিচ্ছেন এবং পাশের সড়ক থেকে অপর এক যুবক সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করছেন। আগুন দেওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
 
এ সময় আগুনের ধোঁয়া দেখতে পেয়ে আশপাশের বাসিন্দারা ছুটে আসেন এবং ধাওয়া দিয়ে ইমন হোসেনকে আটক করেন। তবে তার সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আটক ইমনকে পুলিশের হাতে তুলে দেন।
 
গ্রামীণ ব্যাংকের কেরোয়া শাখার ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, দুর্বৃত্তরা শাখার প্রধান ফটকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে স্থানীয়রা ধাওয়া করে একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। এর আগে গত বুধবার রাতেও একই শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল বলে উল্লেখ করেন তিনি।
 
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হোসাইন রায়হান কাজেমী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192289