হরমুজে তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

হরমুজে তিন জাহাজে মাইন বিস্ফোরণের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে তিনটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এ ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আইআরজিসি জানিয়েছে, নৌমাইনে আঘাত লাগার পর জাহাজগুলোতে ‘ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড’ ঘটেছে।

এদিকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে তেহরানের শর্ত মেনে নিলে অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও অঞ্চলটির নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে বাঘাই এ কথা বলেন। আরাঘচি বলেছিলেন, যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলে দুই ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া সম্ভব। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ খবর জানিয়েছে।

বাঘাই বলেছেন, অন্য পক্ষ সংশ্লিষ্ট শর্ত পূরণ করলে ইরানও নিজেদের প্রতিশ্রুতি পালনে অঙ্গীকারবদ্ধ। তিনি দাবি করেছেন, ইরান অস্বাভাবিক কোনো দাবি জানাচ্ছে না; বরং নিজেদের অধিকারের একটি অংশ আদায়ের চেষ্টা করছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের কাছে তেল, তরল পেট্রোলিয়াম, রাসায়নিক ও অন্যান্য বিপজ্জনক পণ্য বহনকারী ৫০টি পর্যন্ত জাহাজে সাইবার হামলার ঘটনায় ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে ওয়াশিংটন। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে। মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও সাইবার হামলার মাধ্যমে সংঘাত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তেহরান—এমন আশঙ্কার মধ্যে সম্ভাব্য ইরানি সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শিকার কয়েকটি জাহাজ হুমকি ও বোমা হামলার সতর্কবার্তাও পেয়েছে। তবে ইরানকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হলেও রাশিয়ার সম্ভাব্য সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে বলে ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন সূত্রগুলো। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেছেন, এসব হামলায় ইরানের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে আসার সময় হামলার শিকার অন্তত চারটি জাহাজকে সহায়তা দিতে সাইবার সুরক্ষা দল পাঠিয়েছে মার্কিন কোস্ট গার্ড। জাহাজগুলো মার্কিন বন্দরে পৌঁছানোর আগেই সম্ভাব্য হুমকি মোকাবিলায় কাজ করেছে দলগুলো।

হামলার শিকার অন্য জাহাজগুলো ইউরোপ ও এশিয়ার কাছাকাছি এলাকায় চলাচল করছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সূত্র : আল জাজিরা

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192267