ন্যাটো সদস্য এস্তোনিয়াকে যুদ্ধের হুমকি রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়ার অভিযোগে ন্যাটো সদস্যদেশ এস্তোনিয়াকে সতর্ক করেছে মস্কো। এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে বলে হুমকি দিয়েছে রাশিয়া।
গত সোমবার (২৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মস্কোয় এস্তোনিয়ার কূটনীতিক মারেক উহতেগিকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। এসময় এস্তোনিয়ার উসকানিমূলক ও বিপজ্জনক পদক্ষেপ দুই দেশকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করে মন্ত্রণালয়। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের ড্রোনকে নিজেদের আকাশসীমা ব্যবহার করে রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে হামলা চালানোর সুযোগ দিচ্ছে এস্তোনিয়া। এছাড়া, বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজ চলাচলে বাধা দেওয়ার অভিযোগও তুলেছে মস্কো। রাশিয়া ও বেলারুশের শস্য পরিবহন বন্ধের চেষ্টা করার অভিযোগও করেছে দেশটি। এসব পদক্ষেপকে নিজেদের স্বার্থের বিরুদ্ধে বলে মনে করছে মস্কো।
এছাড়া, এস্তোনিয়ায় রুশ ভাষার ব্যবহার নিষিদ্ধ করার উদ্যোগ এবং দেশটিতে বসবাসরত জাতিগত রুশ জনগোষ্ঠীর সঙ্গে বৈষম্য করার অভিযোগও তুলেছে মস্কো। একই সঙ্গে, রুশ অর্থোডক্স গির্জা বন্ধের হুমকি দেওয়ার কথাও জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। এসব পদক্ষেপকে ‘রুশবিদ্বেষী’ প্রবণতা হিসেবে উল্লেখ করেছে তারা। মন্ত্রণালয় আরও বলেছে, রাশিয়ার জাতীয় স্বার্থ ও নাগরিকদের অধিকার রক্ষায় প্রয়োজনীয় রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে তাদের।
এদিকে, আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে সীমান্তের প্রবেশপথগুলো অন্তত ছয় মাসের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির অভিযোগ, রাশিয়ার নিরাপত্তা বাহিনী একটি এস্তোনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে। তবে, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
অন্যদিকে, রাশিয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, ইউক্রেনের সামরিক অভিযানে ব্যবহারের জন্য কখনোই নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয়নি এস্তোনিয়া। ভবিষ্যতেও এ ধরনের অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই দেশটির। সূত্র : আল-জাজিরা
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192265