অনলাইন শিক্ষার ভবিষ্যৎ, সুবিধা ও সীমাবদ্ধতা
বর্তমান যুগে প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে শিক্ষাব্যবস্থায় এসেছে এক বৈপ্লবিক পরিবর্তন, যার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো অনলাইন শিক্ষা। এটি শিক্ষার একটি এমন মাধ্যম যেখানে স্মার্টফোন, কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসেই শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে পারে। আধুনিক এই পদ্ধতি ধীরে ধীরে বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে এবং করোনা মহামারির সময় এটি অপরিহার্য হয়ে উঠেছিল। অনলাইন শিক্ষা যেমন সুবিধা এনে দিয়েছে, তেমনি রয়েছে কিছু সীমাবদ্ধতা।
অনলাইন শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্বের যেকোনো স্থানে বসেই মানসম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুবিধা। শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার প্রয়োজন না থাকায় যাতায়াত খরচ ও সময় বাঁচে। একইসঙ্গে পাঠ্যসামগ্রী অনলাইনে পাওয়া যায়, যা ছাপানো বইয়ের খরচ কমায়। শিক্ষার্থীরা ঘরে বসেই বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এর ফলে শিক্ষার মান বৃদ্ধি পায়।
অনলাইন শিক্ষায় শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী সময় নির্ধারণ করে ক্লাস করতে পারে, যা কর্মজীবী বা বড়দের জন্য অত্যন্ত উপযোগী। ভিডিও, অডিও, ই-বুক, ইন্টারেক্টিভ কন্টেন্ট ইত্যাদির মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষাকে আকর্ষণীয় করে তুলতে পারে। অনেক জায়গায় উচ্চগতির ইন্টারনেট এবং প্রয়োজনীয় ডিভাইসের অভাব রয়েছে, যা অনলাইন শিক্ষা গ্রহণে বড় প্রতিবন্ধকতা।
দীর্ঘ সময় স্ক্রিনের সামনে বসে থাকার ফলে চোখের সমস্যা, মাথাব্যথা এবং একাকীত্ব সৃষ্টি হতে পারে। ক্লাসরুমে শিক্ষকের সঙ্গে সরাসরি আলোচনা ও সহপাঠীদের সঙ্গে মেলামেশার সুযোগ অনলাইন শিক্ষায় পাওয়া যায় না। এর ফলে সামাজিক দক্ষতা উন্নত হওয়ার পথ রুদ্ধ হয়। সব অনলাইন প্ল্যাটফর্ম মানসম্মত শিক্ষা দিতে পারে না। অনেক জায়গায় সঠিক পরিকল্পনার অভাবে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়।
অনলাইন শিক্ষায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন, কারণ তাদের ওপর সরাসরি নজরদারি থাকে না। অনলাইন শিক্ষা আধুনিক শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হলেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। সঠিক পরিকল্পনা ও প্রযুক্তির সমন্বয়ে এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে তোলা সম্ভব। ভবিষ্যতে এটি আরও উন্নত ও কার্যকর মাধ্যম হিসেবে গড়ে উঠবে এবং শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।
বর্তমান যুগে অনলাইন শিক্ষার প্রসারের কারণে অনেক অভিভাবক ছোট ছোট বাচ্চাদের হাতে স্মার্টফোন তুলে দিচ্ছেন। যদিও মূল উদ্দেশ্য বাচ্চাদের অনলাইন শিক্ষা গ্রহণে সাহায্য করা, কিন্তু এর ফলস্বরূপ অনেক শিশু ইন্টারনেটে পড়াশোনার বাইরে অন্যান্য বিষয়েও আসক্ত হয়ে পড়ছে। তারা বিভিন্ন গেম, সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় ভিডিওতে সময় ব্যয় করে, যা তাদের মানসিক এবং শারীরিক বিকাশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।
ফোনের প্রতি এই আসক্তি শিশুদের মনোযোগে ঘাটতি সৃষ্টি করে এবং তাদের পড়াশোনার প্রতি আগ্রহ কমিয়ে দেয়। দীর্ঘ সময় ফোন ব্যবহারের ফলে তারা পড়ালেখার জন্য প্রয়োজনীয় সময় ব্যয় করতে পারে না। একইসঙ্গে, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারের কারণে শিশুদের চোখের সমস্যা, অনিদ্রা, এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয়। এর পাশাপাশি, ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের জন্য অনুপযুক্ত কনটেন্টে প্রবেশ করার ঝুঁকিও থাকে।
অভিভাবকদের উচিত স্মার্টফোন ব্যবহারে সন্তানের ওপর নিয়ন্ত্রণ রাখা এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন বা সাইটের সীমাবদ্ধতা নির্ধারণ করা। পাশাপাশি, শিশুদের স্মার্টফোন ছাড়াও শারীরিক এবং সৃজনশীল কার্যকলাপে উৎসাহিত করতে হবে। সঠিক দিকনির্দেশনা ও পর্যবেক্ষণের মাধ্যমে এই সমস্যা মোকাবিলা করা সম্ভব, যাতে প্রযুক্তির সুফল কাজে লাগিয়ে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলা যায়।
লেখক : শিক্ষার্থী রাজশাহী কলেজ
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192259