সুরের জাদুকর বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ

সুরের জাদুকর বারী সিদ্দিকীর প্রয়াণ দিবস আজ

বিনোদন ডেস্ক : লোকসংগীতের জগতে এক অনন্য নাম বারী সিদ্দিকী। তার দরদভরা কণ্ঠ আর বাঁশির মায়াবী সুর ছুঁয়ে গিয়েছিল শহর থেকে গ্রামের অসংখ্য মানুষের হৃদয়। সহজ কথার গানে তিনি তুলে ধরতেন জীবনের সুখ-দুঃখ, প্রেম-বিরহ আর মাটির মানুষের অনুভূতি। আজ (২৪ নভেম্বর) এই কিংবদন্তি শিল্পীর প্রয়াণ দিবস।

২০১৭ সালের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান বাংলা লোকসংগীতের এই জনপ্রিয় শিল্পী। 

১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি ছিল তার গভীর অনুরাগ। জীবনের বিভিন্ন সময়ে ওস্তাদ গোপাল দত্ত, আমিনুর রহমান, দবির খান ও পান্নালাল ঘোষসহ বহু গুণী শিল্পীর সান্নিধ্য লাভ করেন তিনি। ভারতে সংগীতের তালিম নেওয়ার পাশাপাশি বাঁশির ওপর উচ্চাঙ্গসংগীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগেই উপমহাদেশের একজন দক্ষ বংশীবাদক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন বারী সিদ্দিকী। ১৯৮০ সাল থেকে টানা প্রায় দুই দশক বাঁশির সুরে মুগ্ধ করেছেন দেশ-বিদেশের শ্রোতাদের। তার বাঁশির সুরে ছিল এক অদ্ভুত আবেগ, যা শ্রোতাদের কখনো আনন্দে, কখনো বিষাদে আপ্লুত করত।

১৯৯৯ সালে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন তিনি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে টানা ৪৫ মিনিট বাঁশি বাজিয়ে আন্তর্জাতিক অঙ্গনের শ্রোতাদের মুগ্ধ করেন এই শিল্পী। এরপর দেশ-বিদেশের বিভিন্ন আয়োজনে বাঁশির সুরে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি।

তবে গায়ক হিসেবে দেশব্যাপী পরিচিতি আসে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের হাত ধরে। তার পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান বারী সিদ্দিকী। বিশেষ করে তার দরদভরা কণ্ঠে গাওয়া ‘শুয়া চান পাখি’ গানটি শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেয়।

এরপর একের পর এক প্রকাশিত হয় তার অ্যালবাম। উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘দুঃখ রইলো মনে’, ‘অপরাধী হইলেও আমি তোর’, ‘সরলা’, ‘ভাবের দেশে চলো’, ‘সাদা রুমাল’, ‘মাটির মালিকানা’, ‘মাটির দেহ’, ‘মনে বড় জ্বালা’, ‘প্রেমের উৎসব’, ‘ভালোবাসার বসত বাড়ি’, ‘নিলুয়া বাতাস’ ও ‘দুঃখ দিলে দুঃখ পাবি’।

বারী সিদ্দিকীর জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘রজনী’, ‘আমি একটা জিন্দা লাশ’, ‘পুবালি বাতাসে’, ‘মানুষ ধরো মানুষ ভজো’ ও ‘আমার মন্দ স্বভাব জেনেও’।

বারী সিদ্দিকীর চলে যাওয়ার নয় বছর পেরিয়ে গেছে। তবু সময়ের পরিক্রমায় একটুও ম্লান হয়নি তার গানের আবেদন। তার দরদমাখা কণ্ঠ আর বাঁশির মায়াবী সুর আজও বেঁচে আছে অসংখ্য সংগীতপ্রেমীর হৃদয়ে। তার গানে মিশে আছে মাটির মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ আর জীবনের গল্প।  

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192254