বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় অভিনেতা সোহেল খানের মৃত্যু

বিনোদন ডেস্ক : নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পরিচালক এমডি ইকবাল হোসেন।

ইকবাল বলেন, ‘সবার মতো সোহেল ভাই আজ সকালে ঘুম থেকে উঠে নাশতা করেন। এরপর তিনি তার রুমে বিশ্রামের জন্য যান। পরে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুতও হয়েছিলেন। একপর্যায়ে হোটেলের কক্ষে ডাকতে গিয়ে ইউনিটের সদস্য তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তৎক্ষণাৎ সোহেল ভাইকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

পারিবারিক সূত্রে জানা গেছে, 'নসীব' সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান সোহেল খান। বিশেষ করে মোস্তফা সরয়ার ফারুকী রচিত ও নির্মিত ব্যঙ্গাত্মক-রাজনৈতিক ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।

নাটকের পাশাপাশি বড় পর্দাতেও নিয়মিত ছিলেন সোহেল খান। ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কি!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) এবং ‘জংলি’ (২০২৫)-সহ অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192251