দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে সরকার

দেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবে  সরকার

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধিত খসড়া নিয়ে ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ দুটি পৃথক ব্রিফিং অনুষ্ঠিত হবে।

প্রথমে সকাল ৯টায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনৈতিক মিশনের প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। প্রায় আধঘণ্টার এ ব্রিফিংয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে সাম্প্রতিক সংঘাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়টি তুলে ধরা হবে।

কূটনৈতিক সূত্র জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দিতে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে ই-মেইল পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে আলোচনার মধ্যে কয়েকটি জেলায় রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এসব বিষয়ে সরকারের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবে বাংলাদেশ।

এরপর প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইনের সংশোধিত খসড়া নিয়ে ব্রিফ করবেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় বিদেশি কূটনীতিকদের মতামতও জানতে চাইবে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, সাইবার সুরক্ষা আইন নিয়ে ব্রিফিংটি আগে থেকেই নির্ধারিত ছিল। তবে দেশের চলমান পরিস্থিতি নিয়ে নতুন করে ব্রিফিংয়ের সিদ্ধান্ত হওয়ায় আইনবিষয়ক বৈঠকটি আধঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। এ বিষয়ে বিদেশি মিশনগুলোর কাছে আগেই মতামত চাওয়া হয়েছিল। এবার আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হবে।

এদিকে সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবারের দুটি ব্রিফিংয়ের বিষয়বস্তু নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/192241